গোপালগঞ্জে বাঁশবাগানে ফেলে যাওয়া প্রতিবন্ধী কিশোর উদ্ধার

বাঁশবাগানে ফেলে যাওয়া রাকিব শেখ (১৪) নামের এক প্রতিবন্ধী কিশোরকে উদ্ধার করেছেন গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাব্বির আহমেদ।

বৃহস্পতিবার সকাল ৮টার দিকে কাশিয়ানী উপজেলার চাপ্তা খেলার মাঠ এলাকাসংলগ্ন বাঁশবাগান থেকে ঐ কিশোরকে উদ্ধার করেন তিনি।

রাকিব শেখ নড়াইলের লোহাগড়া উপজেলার মল্লিকপুর গ্রামের ফল ব্যবসায়ী কাওসার শেখের ছেলে।

উদ্ধারের পর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাকে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

ইউএনও সাব্বির আহমেদ বলেন, চাপ্তা এলাকায় বাঁশবাগানে কে বা কারা একটি ছেলেকে ফেলে গেছে। স্থানীয় এক সাংবাদিকের মাধ্যমে মুঠোফোনে বিষয়টি জানতে পেরে সহকারী কমিশনার (ভূমি) আতিকুল ইসলামকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে গিয়ে কিশোরটিকে উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করি।

তিনি আরো বলেন, উদ্ধারকৃত কিশোর করোনায় আক্রান্ত  কি না, তা শনাক্তের জন্য নমুনা সংগ্রহ করতে উপজেলা স্বাস্থ্য বিভাগকে নির্দেশ দেওয়া হয়েছে। নমুনা পরীক্ষা শেষে কিশোরের দেহে করোনা পাওয়া গেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। তবে কিশোরকে ফেলে যাওয়ার কারণ এখনো জানা যায়নি। অনুসন্ধান চলছে।