করোনার নমুনা সংগ্রহে ব্যবহূত এ্যাম্পুল ও স্টিকের অভাবে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা সংগ্রহ বৃহস্পতিবার থেকে বন্ধ হয়ে গেছে। হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসমা খান ইত্তেফাককে নমুনা সংগ্রহ বন্ধের বিষয়টি নিশ্চিত করেছেন।
ডা. আসমা খান জানান, জেলা সিভিল সার্জন কার্যালয়ের মাধ্যমে প্রেরিত অ্যাম্পুল ও স্টিক দ্বারা সর্বশেষ বুধবার পর্যন্ত নমুনা সংগ্রহ করা হয়েছে। বুধবার নমুনা প্রদানে ব্যক্তির সংখ্যা বেশি থাকলেও শেষ পর্যন্ত অতি জরুরি ৩১ জনের নমুনা সংগ্রহ সম্ভব হয়েছে। এখন শুধু সিরিয়াল নিয়ে রাখা হচ্ছে। অ্যাম্পুল ও স্টিকের জন্য চাহিদাপত্র দেওয়া হয়েছে। বরাদ্দ পেলেই সিরিয়াল মেনে নমুনা সংগ্রহ করা হবে। ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুত্ প্রকল্পে কাজে যোগ দিতে আসা ব্যক্তিদের চাপই বেশি। এজন্য প্রকল্পের পক্ষ হতেও অ্যাম্পুল ও স্টিকের জন্য চাহিদাপত্র দেওয়া হয়েছে।
সাপের কামড়ে ঈশ্বরদীতে
স্কুলছাত্রের মৃত্যু
সাপের কামড়ে ঈশ্বরদীতে হোসেন (১৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সে মাজদিয়া মাদ্রাসা পাড়ার মোর্শেদ আলমের ছেলে ও মাজদিয়া উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র ছিল। বৃহস্পতিবার ভোরে ঘরের মধ্যে ঘুমন্ত অবস্থায় হোসেনকে বিষাক্ত সাপ দংশন করে।
হোসেনের বাবা মোর্শেদ আলম জানান, আমার দুই ছেলে হাসান ও হোসেন ঘুমিয়েছিল। ভোরে হঠাত্ হাসানের চিত্কার শুনে দৌড়ে গিয়ে দেখি তাকে সাপে কামড় দিয়েছে। দ্রুত তাকে ঈশ্বরদী হাসপাতালে নিয়ে যাই। কিন্তু হাসপাতালে ভ্যাকসিন না থাকায় পাবনায় নিয়ে যেতে বলা হয়। যাওয়ার পথে সকালে হোসেনের মৃত্যু হয়।