মাস্ক না পরাসহ স্বাস্থ্যবিধি অমান্য করায় বুধবার রাজশাহীতে ৬২ জনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। পৃথক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ঐ ৬২ জনকে ৩৪ হাজার ১৭০ টাকা জরিমানা করা হয়। বুধবার রাত ১০টায় জেলা প্রশাসক হামিদুল হক নিজের ফেসবুক পোস্টে এ তথ্য জানান। তিনি জানান, জেলায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাস্ক না পরাসহ স্বাস্থ্যবিধি অমান্য করার অপরাধে ৬২ জনকে জরিমানা করা হয়েছে। এই অভিযান অব্যাহত থাকবে। দয়া করে সবাই মাস্ক পরুন।
সদরপুরে ২৬ জনকে জরিমানা
সদরপুর (ফরিদপুর) সংবাদদাতা জানান : সদরপুর উপজেলা সদরের বিভিন্ন পয়েন্টে স্বাস্থ্যবিধি না মানায় ও মাস্ক ব্যবহার না করায় ২৬ জনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সজল চন্দ্র শীল। এ সময় ২৬ জনকে ৯ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।
পীরগঞ্জে ৯ প্রতিষ্ঠানকে জরিমানা
পীরগঞ্জ (ঠাকুরগাঁও) সংবাদদাতা জানান : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের ঘোষিত স্বাস্থ্যবিধি না মানায় পীরগঞ্জে ৯ প্রতিষ্ঠানের মালিককে ৫ হাজার ৪০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার সন্ধ্যায় উপজেলার লোহাগাড়া বাজারে একটি রড সিমেন্টের দোকান মালিককে ১ হাজার, দুইটি হোটেলে ২ হাজার ৫০০, পান দোকানে ২০০ এবং হার্ডওয়ারের দোকান মালিককে ৫০০ টাকা ও সেনুয়া বাজারে চারটি চা বিক্রির দোকানে ৩০০ টাকা করে জরিমানা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তরিকুল ইসলাম।