এডিস মশা নিয়ন্ত্রণের মাধ্যমে নগরবাসীকে ডেঙ্গু থেকে সুরক্ষা দিতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের বিশেষ পরিচ্ছন্নতা অভিযানের ষষ্ঠ দিনে ১২ হাজার ৭৭৪টি বাড়ি, স্থাপনা, নির্মাণাধীন ভবন পরিদর্শন করে ১৩০টিতে এডিস মশার লার্ভা পাওয়া গেছে। এছাড়া ৯ হাজার ১৮০টি বাড়ি-স্থাপনায় এডিস মশা বংশবিস্তার উপযোগী পরিবেশ পাওয়া যায়। যার কারণে এডিস মশার লার্ভা পাওয়ায় মোবাইল কোর্টের মাধ্যমে ১২টি মামলায় মোট ২ লাখ ৬৬ হাজার টাকা জরিমানা করা হয়। অন্যান্য বাড়ি ও স্থাপনার মালিককে সতর্ক করা হয়।
গতকাল ৫৪টি ওয়ার্ডে একযোগে এ অভিযান পরিচালনা করা হয়। গত ৬ জুন থেকে গতকাল পর্যন্ত ছয় দিনে ৫৪টি ওয়ার্ডে মোট ৮০ হাজার ৩৬৬টি বাড়ি, স্থাপনা, নির্মাণাধীন ভবন পরিদর্শন করে মোট ৯৮৪টিতে এডিস মশার লার্ভা পাওয়া গেছে। এছাড়া ৫৫ হাজার ৯৮১টি বাড়ি-স্থাপনায় এডিস মশা বংশ বিস্তার উপযোগী পরিবেশ পাওয়া যায়। যার কারণে ৬ দিনে মোট ৭ লাখ ২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযান চলাকালে সব এলাকায়ই এলাকাবাসীকে এডিস মশার বিস্তার রোধে সচেতন করা হয় এবং জরুরি প্রয়োজনে রাস্তায় বের হলে অবশ্যই মাস্ক পরিধানসহ সবাইকে সামাজিক দূরত্ব বজায় রাখার পরামর্শ দেওয়া হয়েছে।