সড়ক দুর্ঘটনায় স্বাস্থ্যকর্মীসহ তিন জন নিহত

সড়ক দুর্ঘটনায় এক স্বাস্থ্যকর্মীসহ তিন জন নিহত হয়েছে। ফরিদপুরের সদরপুরে নিহত হয়েছেন স্বাস্থ্যকর্মী পিপাসা বেগম। আর মাদারীপুরের রাজৈরে নিহত হয়েছে দুই জন।

টেকেরহাট (মাদারীপুর) সংবাদদাতা জানান, মাদারীপুরের রাজৈরে দাঁড়িয়ে থাকা এলপি গ্যাস বোঝাই একটি ট্রাককে পিছন থেকে আসা যাত্রীবাহী নছিমন নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দেয়। এ সময় নছিমনের চালকসহ দুই জন নিহত এবং অপর এক জন আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার ভোরে ঢাকা-বরিশাল মহাসড়কের উপজেলার শিমুলতলা নামক স্থানে এ ঘটনা  ঘটে । নিহতরা হলো—মাদারীপুর সদর উপজেলার মিঠাপুর গ্রামের সাজাহান মুন্সীর ছেলে নছিমন চালক সোহেল মুন্সী (৩৮) ও একই উপজেলার উত্তর দুধখালী গ্রামের নুর উদ্দিন খলিফার ছেলে ব্যবসায়ী সেলিম খলিফা (৪৫)।

সদরপুর (ফরিদপুর) সংবাদদাতা জানান, সদরপুর উপজেলার পুকুরিয়া-সদরপুর আঞ্চলিক সড়কের বাচ্চু খানের বাড়ির সামনে ট্রাক চাপায় স্বাস্থ্যকর্মী পিপাসা বেগম (৩৫) নিহত হয়েছেন। তিনি শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার মাইজপাড়া গ্রামের উজ্জল শরীফের স্ত্রী। কাজ করতেন শরীয়তপুর হযরত শাহজালাল প্রাইভেট ক্লিনিকে। গতকাল বিকালে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় সদরপুর থানা পুলিশ লাশ উদ্ধার করে ট্রাক চালককে আটক করেছে।