‘ক্ষতিকর নয়, এমন মাছের প্রজাতি বিদেশ থেকে আনা হবে’

দেশের জন্য ক্ষতিকর নয়, এমন মাছের প্রজাতি বিদেশ থেকে এনে বিস্তার ঘটানো হবে বলে জানিয়েছেন মত্স্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম। তিনি বলেন, দেশের হারিয়ে যাওয়া মাছগুলো আধুনিক খামার ব্যবস্থা ও আধুনিক প্রজনন ব্যবস্থার মাধ্যমে নতুন করে নিয়ে আসছি। প্রায় ৬৫ প্রজাতির মাছের প্রজনন ও জাত বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে বলে তিনি জানান।

গতকাল বৃহস্পতিবার রাজধানীর মিরপুরে জাতীয় চিড়িয়াখানা লেকে পোনা মাছ অবমুক্তকরণ শেষে তিনি এসব কথা বলেন। এ সময় মত্স্য ও প্রাণিসম্পদ সচিব রওনক মাহমুদ, মত্স্য অধিদপ্তরের মহাপরিচালক কাজী শামস্ আফরোজ, প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডা. আবদুল জব্বার শিকদারসহ মন্ত্রণালয় ও মত্স্য অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।