ধর্মীয় স্বাধীনতা পর্যালোচনাকারী মার্কিন প্যানেলকে ভিসা দেয়নি ভারত

ভারতে ধর্মীয় স্বাধীনতার অবস্থা খতিয়ে দেখতে দেশটি সফর করতে চাওয়া যুক্তরাষ্ট্র সরকারের একটি প্যানেলের সদস্যদের ভিসা আবেদন প্রত্যাখ্যান করেছে নয়াদিল্লি। ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, নাগরিকদের সাংবিধানিক অধিকার মূল্যায়নে এ ধরনের বিদেশি সংস্থাগুলোর কোনো এখতিয়ারই নেই।

২০১৪ সালে বিজেপি নেতৃত্বাধীন জোট ক্ষমতায় বসার পর থেকে ভারতে সংখ্যালঘু মুসলমানদের ওপর একের পর এক হামলা-নির্যাতনের ঘটনায় নরেন্দ্র মোদির সরকারকে তুমুল সমালোচনার মুখে পড়তে হয়েছে। চলতি বছর যুক্তরাষ্ট্রের কমিশন অন ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম (ইউএসসিআইআরএফ) ভারতকে ‘বিশেষ উদ্বেগজনক দেশের’ তালিকায় অন্তর্ভুক্তও করেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এ তালিকায় চীন, ইরান, সিরিয়া ও রাশিয়ার মতো দেশগুলোও আছে।

এপ্রিলে ইউএসসিআইআরএফ তাদের প্রতিবেদনে ভারতের সংশোধিত নাগরিকত্ব আইন থেকে মুসলমানদের বাদ দেওয়ায় নরেন্দ্র মোদি সরকারের কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা দিতে মার্কিন প্রশাসনের প্রতি সুপারিশও করেছিল। বিশ্বের বিভিন্ন দেশের ধর্মীয় স্বাধীনতা পর্যালোচনাকারী এ মার্কিন কমিশন ভারতের পরিস্থিতি নিয়ে যে সমীক্ষা চালিয়েছিল, নয়াদিল্লি তা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে বলে মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রামানিয়াম জয়শংকর।

ভারতীয় নাগরিকদের অধিকার নিয়ে ‘ইউএসসিআইআরএফের জ্ঞান সামান্য’ অ্যাখ্যা দিয়ে মার্কিন এ প্যানেলের অবস্থানকে পক্ষপাতদুষ্ট বলেও অভিহিত করেছেন তিনি।