পরিযায়ী শ্রমিকদের বিমান ভাড়া করে বাড়ি পাঠালেন অমিতাভ

ভারতে করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে দেওয়া লকডাউনের কারণে মুম্বাইয়ে আটকে-পড়া সাত শতাধিক শ্রমিককে ভাড়া করা বিমানে বাড়ি পাঠিয়েছেন বলিউড সুপারস্টার অমিতাভ বচ্চন। বুধবার চারটি চার্টার্ড ফ্লাইটে পরিযায়ী শ্রমিকদের মুম্বাই থেকে উত্তর প্রদেশের বিভিন্ন শহরে নিয়ে যাওয়া হয় বলে অমিতাভের ঘনিষ্ঠ বেশ কয়েকজন জানিয়েছেন। সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, শ্রমিকদের বাড়ি পাঠাতে এই বলিউড তারকা একটি ট্রেন ভাড়া করতে চাইলেও শেষ পর্যন্ত তা সম্ভব হয়নি। অমিতাভের নির্দেশনায় তার প্রযোজনা প্রতিষ্ঠান এবি করপোরেশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রাজেশ যাদব পরে শ্রমিকদের বাড়ি পাঠাতে ফ্লাইটগুলো ভাড়া করেন। বুধবার প্রতিটি ফ্লাইটে ১৮০ জন করে শ্রমিককে মুম্বাই থেকে লখনৌ, এলাহাবাদ ও বেনারসে পৌঁছে দেওয়া হয়। অমিতাভের হয়ে রাজেশ সম্প্রতি ১০টি বাসে করে আরো ৩০০র মতো শ্রমিককে লখনৌ, এলাহাবাদ, বাধুনিসহ উত্তর প্রদেশের বিভিন্ন শহরে পৌঁছানোর ব্যবস্থা করেন। এ কাজে মাহিম দরগার ও হাজি আলী দরগারও অংশীদারিত্ব ছিল বলে জানা গেছে।           —বিবিসি