২০২০-২১ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেটকে জনবান্ধব হিসেবে আখ্যায়িত করেছে আওয়ামী লীগ। গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদ অধিবেশনে প্রস্তাবিত বাজেট উত্থাপনের পর তাত্ক্ষণিক প্রতিক্রিয়ায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেন, এবারের বাজেট ভিন্ন বাস্তবতায় ভিন্ন প্রেক্ষাপটে তৈরি। এ বাজেট করোনার বিদ্যমান সংকটকে সম্ভাবনায় রূপদানের বাস্তবসম্মত প্রত্যাশার দলিল।
ওবায়দুল কাদের তার সরকারি বাসভবন থেকে ভিডিও বার্তায় বাজেট পরবর্তী তাত্ক্ষণিক প্রতিক্রিয়ায় আরো বলেন, জীবনের পাশাপাশি জীবিকার চাকা সফল রাখতে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সরকারের সাহসী সময়োচিত চিন্তার সোনালি ফসল এ বাজেট। এবারের বাজেট জনগণের আত্মবিশ্বাস বাড়ানোর পাশাপাশি অর্থনৈতিক উত্তরণের পরিকল্পনা এবং জনবান্ধব ও জীবনঘনিষ্ঠ অর্থনৈতিক পরিকল্পনা বলেও জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। ওবায়দুল কাদের বলেন, বিএনপির বাজেট প্রতিক্রিয়া আগেভাগে তৈরি করা, মনগড়া, গতানুগতিক পুরোনো গল্প। প্রস্তাবিত বাজেট নিয়ে গতকাল বৃহস্পতিবার দলের পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানান ওবায়দুল কাদের।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, প্রস্তাবিত বাজেট সময়োপযোগী, গণমুখী ও জনকল্যাণকর। চলমান করোনা সংকটে থেকে উত্তরণে এবং বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করার লক্ষ্যে নানামুখী পদক্ষেপ নেওয়া হয়েছে। বাস্তবতার আলোকে বাজেটে স্বাস্থ্য, কৃষি ও শিক্ষা খাতে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। অতিরিক্ত করের বোঝা চাপানো হয়নি। মানুষের নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের ওপর যেন প্রভাব না পড়ে সেদিকেও লক্ষ্য রাখা হয়েছে।