২০১৪ সালে বয়কটের পর বিরোধী দলগুলোর অংশগ্রহণ ইতিবাচক

একাদশ সংসদ নির্বাচন নিয়ে জানানো এক প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্র বলেছে, নির্বাচনে দশ কোটি ভোটারের ভোটদান এবং প্রধান বিরোধী দলগুলোর অংশগ্রহণ ইতিবাচক। গতকাল মঙ্গলবার মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই প্রতিক্রিয়া জানানো হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে নির্বাচন পরবর্তী সহিংসতা থেকে বিরত থাকতে সব রাজনৈতিক দলের প্রতি আহবান জানানো হয়েছে। নির্বাচনে অনিয়মের বিষয়ে সব পক্ষের আবেদন যথাযথভাবে সম্পন্ন করতে নির্বাচন কমিশনের প্রতি আহবান জানিয়েছে যুক্তরাষ্ট্র। পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-মুখপাত্র রবার্ট পাল্লাডিনোর বিবৃতিতে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন এবং গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা ও মানবাধিকারের প্রশংসা করা হয়। এগুলোর আরো উন্নতিতে সরকার ও বিরোধী দলগুলোর সঙ্গে একসঙ্গে কাজ করবে যুক্তরাষ্ট্র। ২০১৪ সালের সংসদ নির্বাচন বয়কটের পর এবার প্রধান বিরোধী দলগুলোর অংশ নেওয়ার প্রশংসা করেছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রণালয়। বিবৃতিতে উপ-মুখপাত্র বলেন, বাংলাদেশের ভবিষ্যত গণতান্ত্রিক উন্নয়নের ওপর নজর রাখবে যুক্তরাষ্ট্র। বাংলাদেশের সবচেয়ে বড় বিদেশি বিনিয়োগকারী ও বাংলাদেশের রপ্তানি পণ্যের বড় বাজার যুক্তরাষ্ট্রে। এছাড়া আমেরিকায় বাংলাদেশ বংশোদ্ভুত অনেকে অবস্থান করছেন বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়। বিবৃতিতে নির্বাচন পূর্ববর্তী সহিংসতা, বিরোধীদের হয়রানি ও ভোটারদের বাধা দানের ঘটনায় উদ্বেগ প্রকাশ করা হয়।