আমেরিকায় ২০ লাখ, রাশিয়ায় ৫ লাখের বেশি আক্রান্ত

যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ২০ লাখ এবং একইদিনে রাশিয়ায় ৫ লাখ ছাড়িয়েছে।  আমেরিকার জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, সংক্রমণের তালিকায় যুক্তরাষ্ট্রের পরে ব্রাজিল দ্বিতীয় স্থানে। ভারতেও রেকর্ড সংক্রমণ অব্যাহত রয়েছে। এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা মাস্ক পরা নিয়ে নতুন নির্দেশনা জারি করেছে।

সংক্রমণে প্রথম স্থানে যুক্তরাষ্ট্র

অনেক দিন ধরেই যুক্তরাষ্ট্র সংক্রমণে প্রথম স্থান ধরে রেখেছে। দেশটিতে গতকাল পর্যন্ত আক্রান্তের সংখ্যা ২০ লাখ ৬০০ জন। মারা গেছে ১ লাখ ১২ হাজার ৯২৫ জন। রাশিয়ায় ৮ হাজার ৭৭৯ জন নতুন রোগী পাওয়া যাওয়ায় ৫ লাখ ছাড়াল মোট শনাক্ত রোগীর সংখ্যা। মোট মারা গেছে ৬ হাজার ৫৩২ জন।

মাস্ক নিয়ে নতুন নির্দেশনা

মাস্ক পরবেন কি পরবেন না—এ নিয়ে নানা আলোচনার পর বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে, মাস্ক পরলে সংক্রমণ কমে। তবে নির্দিষ্ট কিছু নিয়মের কথা বলছে সংস্থাটি। এক মিটার দূরত্বে কথা বললেও কাপড়ের মাস্ক ড্রপলেট ঠেকাতে পারে। মাস্ক ধরার আগে হাত ধুতে হবে। ময়লা আছে কি না দেখতে হবে। মাস্ক পরার পর ফাঁকা আছে কি না, খেয়াল রাখতে হবে। মাস্ক ধরা যাবে না। মাস্ক খোলার আগে হাত ধুতে হবে। পরিষ্কার জায়গায় রাখতে হবে মাস্ক। সাবান দিয়ে ধুতে হবে।

পরবর্তী মহামারির প্রস্তুতির ডাক

মার্কেল ও মাক্রঁর

ইউরোপ করোনা সংকট আপাতত কিছুটা সামলে নিলেও বিশ্বের বিভিন্ন প্রান্তে এই মহামারি এখনো মারাত্মক ক্ষতি করছে। পরিস্থিতি সামলাতে ওষুধ বা টিকা আবিষ্কার করা সম্ভব হয়নি। এরই মধ্যে পরবর্তী মহামারির প্রস্তুতির আহ্বান জানালেন জার্মান চ্যান্সেলর আঙ্গেলা মার্কেল ও ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রঁ এবং ইউরোপীয় ইউনিয়নের আরো চারটি দেশের নেতা। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে, আফ্রিকায় করোনা ভাইরাস মহামারি দ্রুত ছড়াচ্ছে। মূলত দশটি দেশে ভাইরাসের প্রকোপ বেড়েছে, যেখানে মোট সংক্রমিতের দুই-তৃতীয়াংশ রোগী শনাক্ত হয়েছে। থাইল্যান্ডে শনাক্ত ও মৃতের সংখ্যা শূন্য। ২৪ ঘণ্টায় ভারতে ৩৫৭ জনের মৃত্যু হয়েছে। নতুন করে সংক্রমিত হয়েছে ৯ হাজার ৯৯৬ জন। দেশে মোট আক্রান্ত দুই লাখ ৮৬ হাজার ৫৭৯।—বিবিসি ও ডয়চেভেলে