করোনা পরিস্থিতি উন্নতি না হওয়া পর্যন্ত উপজেলায় টিসিবির পণ্য বিক্রির নির্দেশ

করোনা পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত টিসিবির পণ্য উপজেলা পর্যায়ে বিক্রি চলমান রাখতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এ বিষয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতিবেদন পর্যালোচনা করে বিচারপতি জেবিএম হাসানের একক ভার্চুয়াল বেঞ্চ গতকাল বৃহস্পতিবার এই আদেশ দেন।

আবেদনের পক্ষে ব্যারিস্টার মো. হুমায়ুন কবির, রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল সমরেন্দ্র নাথ বিশ্বাস ও বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষে তাপস কান্তি বল শুনানি করেন।

‘ল অ্যান্ড লাইফ ফাউন্ডেশনের’ পক্ষে ব্যারিস্টার মো. হুমায়ুন কবির পল্লবের করা এক রিটের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট উপজেলায় টিসিবির পণ্য বিক্রির নির্দেশ দেয়। ঐ নির্দেশের পর উপজেলা পর্যায়ে পণ্য বিক্রি করে টিসিবি। এই পণ্য বিক্রি ১৮ জুন পর্যন্ত চলমান থাকবে বলে আদালতে প্রতিবেদন দিয়ে জানায় বাণিজ্য মন্ত্রণালয়। কিন্তু এতে আপত্তি জানায় রিটকারী আইনজীবী।  এরপরই হাইকোর্ট পুরো করোনাকাল জুড়ে উপজেলা পর্যায়ে টিসিবির পণ্য বিক্রয় অব্যাহত রাখতে নির্দেশ দেয়।