ব্যক্তিগত পরিবহনসহ সব ধরনের পরিবহনের মালিকদের খরচ বাড়ছে বাজেটে। প্রতি বছর গাড়ি নিবন্ধনকালে গাড়ির মালিকদের অগ্রিম আয়কর পরিশোধ করতে হয়। এবার এটি ৫০ থেকে ৭০ শতাংশ বাড়ছে। অন্যদিকে কার, জিপের নিবন্ধনকালে বিআরটিএ-তে দেওয়া সার্ভিস চার্জের বিদ্যমান সম্পূরক শুল্ক ১০ শতাংশ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ করা হয়েছে। ফলে ব্যক্তিগত গাড়ির মালিকদের ব্যয় বাড়ছে।
প্রস্তাব অনুযায়ী, যেসব গাড়ির ইঞ্জিন ক্যাপাসিটি ১ হাজার ৫০০ সিসির নিচে, এমন গাড়ির নিবন্ধন ফি বিদ্যমান ১৫ হাজার টাকা থেকে বেড়ে ২৫ হাজার টাকা করা হয়েছে। এছাড়া ১ হাজার ৫০০ থেকে ২ হাজার সিসি পর্যন্ত গাড়ির নিবন্ধন ফি ৩০ হাজার টাকা থেকে বেড়ে হতে পারে ৫০ হাজার টাকা। ২ হাজার থেকে ২ হাজার ৫০০ সিসির ক্ষেত্রে ৫০ হাজার টাকার স্থলে ৭৫ হাজার, ২ হাজার ৫০০ থেকে ৩ হাজার সিসি ৭৫ হাজার টাকার স্থলে ১ লাখ ২৫ হাজার, ৩ হাজার থেকে ৩ হাজার ৫০০ সিসি ১ লাখ টাকার স্থলে ১ লাখ ৫০ হাজার টাকা এবং ৩ হাজার ৫০০ সিসির ওপরে গাড়ির ক্ষেত্রে নিবন্ধন ফি ১ লাখ ২৫ হাজার টাকার স্থলে ২ লাখ টাকা করার প্রস্তাব করা হয়েছে। মাইক্রোবাসের ক্ষেত্রে এই কর ২০ হাজার টাকা থেকে বেড়ে হতে পারে ৩০ হাজার টাকা। অবশ্য অগ্রিম পরিশোধ হওয়া এই কর ব্যক্তি করদাতার ক্ষেত্রে পরবর্তীকালে আয়কর রিটার্ন দাখিলের সময় সমন্বয় করার সুযোগ রয়েছে।