প্রস্তাবিত বাজেটে কর আরোপ কম করায় কিছু পণ্য এবং সেবার দাম কমছে। গতকাল জাতীয় সংসদে উত্থাপিত বাজেটে বেশ কিছু পণ্য ও সেবার ওপর শুল্ক কমানোর প্রস্তাব দেন অর্থমন্ত্রী। এর মধ্যে চিকিত্সা সামগ্রী ও চিকিত্সায় ব্যবহূত পণ্য-দ্রব্যই বেশি। যেসব পণ্যের দাম কমবে- মাস্ক, হ্যান্ড গ্লাভস, পিপিই, ওষুধ, আইসিইউ যন্ত্রপাতি, ফেস শিল্ডসহ বিভিন্ন স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী, চার্জার কানেকটর পিন, পোলট্রি, ডেইরি ও মত্স্য শিল্পে ব্যবহূত তিনটি উপকরণ, ক্যানসার প্রতিরোধক ওষুধ উত্পাদনে ব্যবহূত ৪৩টি উপকরণের দাম, নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, লিফ্ট প্রস্তুতকারী শিল্পে ব্যবহূত আমদানি করা সব উপকরণ, অগ্নিনির্বাপণ ব্যবস্থাপন ব্যবহূত বিভিন্ন উপকরণ, কমপ্রেসার প্রস্তুতকারী শিল্পে ব্যবহূত আমদানি করা সব উপকরণ, জুতা শিল্পের বিভিন্ন উপকরণ, পাউরুটি, বিস্কুট ও কেক এবং স্থানীয় পর্যায়ে উত্পাদিত কৃষি যন্ত্রপাতি। চাল, আটা, আলু, পেঁয়াজ-রসুন স্থানীয় পর্যায়ে সরবরাহের ক্ষেত্রে ৫ শতাংশ হারে উেস কর আদায় করা হতো। এটি কমিয়ে ভিত্তিমূল্যের ২ শতাংশ করা হয়েছে। এতে নিত্যপ্রয়োজনীয় এসব পণ্যের দাম কমতে পারে।
দেশীয় সুতা: প্রতি কেজি সুতার সুনির্দিষ্ট কর ৪ টাকা থেকে কমিয়ে ৩ টাকা করা হয়েছে। এতে সুতার দাম কমতে পারে।
রড: রড তৈরির মূল উপাদান স্ক্র্যাপ সরবরাহের ওপর ৫ শতাংশ উেস কর ছিল। এটি কমিয়ে ভিত্তিমূল্যের দশমিক ৫০ নির্ধারণ করা হয়েছে। এতে দাম কমতে পারে।
স্বর্ণ: স্বর্ণের আমদানি শুল্ক কমিয়ে দেওয়া হয়েছে। ফলে স্বর্ণের দামও কমছে।
চিনি: চিনির আমদানি পর্যায়ে ৫ শতাংশ অগ্রিম আয়কর ছিল। এটি কমিয়ে ২ শতাংশ করা হয়েছে। এতে বাজারে চিনির দাম কমতে পারে। একইভাবে রসুন আমদানিতেও অগ্রিম কর কমানোয় এই নিত্যপণ্যটির দাম কমতে পারে।
ব্রয়লার মুরগি: পোলট্রি শিল্পের বিকাশে অগ্রিম আয়কর ৫ শতাংশ থেকে কমিয়ে ২ শতাংশ করা হয়েছে। এতে ব্রয়লার মুরগির দাম কমতে পারে।
সরিষার তেল: স্থানীয়ভাবে উত্পাদিত সরিষার তেলের ওপর ভ্যাট অব্যাহতি দেওয়া হয়েছে। তাই পণ্যটির দাম কমতে পারে।
কৃষি যন্ত্রপাতি: কৃষি যন্ত্রপাতি যেমন পাওয়ার রিপার, পাওয়ার টিলার অপারেটেড সিডার, কম্বাইন্ড হার্ভেস্টার, রোটারি টিলারের ওপর ব্যবসায়ী পর্যায়ে ভ্যাট অব্যাহতি দেওয়া হয়েছে। এতে কৃষি যন্ত্রপাতির দাম কমবে।
সোলার ব্যাটারি: ইডকলের পার্টনার অর্গানাইজেশন থেকে সোলার ব্যাটারি (৬০এএমপি) কেনার ক্ষেত্রে উত্পাদন পর্যায়ে ভ্যাট অব্যাহতি দেওয়া হয়েছে। এতে সোলার ব্যাটারির দাম কমতে পারে।
চিপস: দেশে উত্পাদিত আলুর পটেটো ফ্লেক্স তৈরির ওপর ভ্যাট ১৫ শতাংশ থেকে হ্রাস করে ৫ শতাংশ করা হয়েছে। এতে চিপসের দাম কমতে পারে।
পিপিই: দেশে উত্পাদিত পারসোনাল প্রোটেক্টিভ ইক্যুইপমেন্ট (পিপিই) উত্পাদন ও ব্যবসায়ী পর্যায়ে ভ্যাট অব্যাহতি দেওয়া হয়েছে। এতে দাম কমতে পারে।
সার্জিক্যাল মাস্ক: স্বাস্থ্যকর্মীদের সুরক্ষায় দেশে উত্পাদিত সার্জিক্যাল মাস্ক (ফেস মাস্কসহ) উত্পাদন ও ব্যবসায়ী পর্যায়ে ভ্যাট অব্যাহতি দেওয়া হয়েছে। এতে দাম কমতে পারে।
করোনা টেস্ট কিট: করোনা ভাইরাস শনাক্তকরণ ও প্রতিরোধের লক্ষ্যে কোভিড-১৯ টেস্ট কিটের আমদানি, উত্পাদন ও ব্যবসায়ী পর্যায়ে ভ্যাট অব্যাহতি দেওয়া হয়েছে। এতে টেস্ট কিটের দাম কমতে পারে।
হাঁস-মুরগি: হাঁস-মুরগির খাদ্য উত্পাদনের কাঁচামাল আমদানি পর্যায়ে অগ্রিম আয়কর ৫ শতাংশ ছিল। এটি কমিয়ে ২ শতাংশ করা হয়েছে। এর প্রভাবে বাজারে হাঁস-মুরগির দাম কমতে পারে।
এলপিজি সিলিন্ডার: এলপিজি সিলিন্ডারের দাম কমতে পারে।
ডিটারজেন্ট: এ শিল্পের অন্যতম কাঁচামালের (লিনিয়ার এলকাইল বেঞ্জিন সালফোনিক অ্যাসিড) শুল্ক হ্রাস করা হয়েছে। এতে আগামীতে ডিটারজেন্টের দাম কমতে পারে।
জুতা: জুতা উত্পাদনে ব্যবহূত কয়েকটি কাঁচামালের আমদানির শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ১৫ শতাংশ করা হয়েছে। এতে দেশের বাজারে জুতার দাম কমতে পারে।
দাম কমছে তুলা বীজ, পাম নাটস, রেফ্রিজারেটর শিল্পের স্টিল প্লেটের। এছাড়াও লাইটিং অ্যারেস্টারেরও (বজ্রপাত থেকে প্রতিরক্ষাকারী পণ্য) দামও কমতে পারে। কারণ এই পণ্যটি আমদানিও ওপর শুল্ক অর্ধেকে নামিয়ে আনার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। এছাড়া দাম কমবে অটোমোবাইল ফ্রিজ এসি। এটার ওপর মূসক অব্যাহতির প্রস্তাব দেওয়া হয়েছে। ডিটারজেন্টের কাঁচামালের ওপর শুল্ক কমানোর প্রস্তাব করা হয়েছে। স্যানিটারি ন্যাপকিন ও ডায়াপারের কাঁচামাল আমদানিতে রেয়াতি সুবিধা বাড়ানো হবে। ইস্পাত শিল্পের রিফ্রাক্টরি সিমেন্টের ওপর শুল্ক কমানো হবে। এলপিজি সিলিন্ডারের দাম কমতে পারে। রেফ্রিজারেটর ও এসির কাঁচামাল আমদানিতে বিদ্যমান রেয়াতি সুবিধা বাড়ানো হচ্ছে।