মোহাম্মদ নাসিমের অবস্থার অবনতি

আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ নাসিম এমপির শারীরিক অবস্থার কিছুটা অবনতি হয়েছে। গত দুই দিন তার ব্লাড পেশার স্বাভাবিক থাকলেও বৃহস্পতিবার তা ওঠানামা করেছে। তিনি আগের মতোই অচেতন অবস্থায় আছেন এবং তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রের (আইসিইউ) ভেন্টিলেশন সাপোর্টেই রাখা হয়েছে। চিকিত্সায় গঠিত মেডিক্যাল বোর্ডের সদস্যরা সার্বক্ষণিক তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করছেন। এদিকে উন্নত চিকিত্সার জন্য দেশের বাইরে নেওয়ার বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে সিঙ্গাপুরের সঙ্গে যোগাযোগ করা হলেও এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্ত আসেনি।

মোহাম্মদ নাসিমের চিকিত্সায় গঠিত মেডিক্যাল বোর্ডের সদস্য ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া বৃহস্পতিবার রাতে ইত্তেফাককে বলেন, ‘আমি দুপুরে গিয়ে        দেখলাম তার শারীরিক অবস্থার কিছুটা অবনতি হয়েছে। তবে তার প্রয়োজনীয় চিকিত্সা চলছে। টাইম টু টাইম শারীরিক অবস্থা দেখে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। এভাবেই চিকিত্সা চলবে।’ উন্নত চিকিত্সার জন্য দেশের বাইরে নেওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এখনো এ বিষয়ে সিদ্ধান্ত হয়নি।