শিল্পের কাঁচামাল আমদানিতে আগাম কর কমছে

শিল্পের কাঁচামাল আমদানির ক্ষেত্রে পরিশোধ করা আগাম করহার বিদ্যমান ৪ শতাংশ থেকে কমে ৩ শতাংশ হচ্ছে। গতকাল বাজেটে এ প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী। গত অর্থবছর থেকে এ কর আরোপ করা হয়। আগে অগ্রিম ভ্যাট বা এটিভি হিসেবে এটি আদায় হতো। নতুন ভ্যাট আইন বাস্তবায়নের পর এটিভি আদায়ের ক্ষেত্রে আইনগত সুযোগ নেই। এজন্য আগাম কর হিসেবে তা আদায় করা হচ্ছে। আমদানি পর্যায়ে পরিশোধ করা হলেও পরবর্তী সময়ে যথাযথ হিসাবপত্র দেখিয়ে তা ফেরত পাওয়ার সুযোগ রয়েছে।

তবে অল্প কিছু বড়ো শিল্প বাদে অন্যদের পক্ষে এই কর ফেরত পাওয়ার সুযোগ নেই। কেননা তারা যথাযথভাবে হিসাবপত্র সংরক্ষণ করেন না। আবার কেউ কেউ তথ্য লুকানোর কারণে কিংবা তথ্যের ঘাটতির জন্যও এই কর ফেরত নিতে পারেন না। ফলে এই কর তাদের জন্য এক ধরনের চূড়ান্ত করদায়। দীর্ঘদিন ধরেই শিল্প উদ্যোক্তারা এই করহার কমানোর দাবি জানিয়ে আসছিলেন।