জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্য ৮ দশমিক ২ শতাংশ মূল্যস্ফীতি ৫ দশমিক ৪ শতাংশ

নতুন অর্থবছরের (মোট দেশজ উত্পাদন) জিডিপির আকার নির্ধারণ করা হয়েছে ৩১ লাখ ৭১ হাজার ৮০০ কোটি টাকা। জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৮ দশমিক ২ শতাংশ। আসছে বাজেটে গড় মূল্যস্ফীতি ৫ দশমিক ৪ শতাংশে ধরে রাখার লক্ষ্য ঠিক করা হয়েছে। চলতি অর্থবছরের বাজেটে ছিল ৫ দশমিক ৫ শতাংশ। প্রস্তাবিত ২০২০-২১ অর্থবছরের জন্য বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এ প্রস্তাব করেন। এতে বলা হয়েছে, প্রবৃদ্ধি ক্রমাগত হারে বেড়েছে গত এক দশক যাবত্। গত ২০১৮-১৯ অর্থবছরে ৮ দশমিক ১৫ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হয়েছে। কিন্তু করোনার কারণে বিশ্বব্যাপী দীর্ঘ সময় ধরে চলা লকডাউনের প্রেক্ষাপটে রপ্তানি কমেছে, প্রবাস আয় কমেছে বিধায় কাঙ্ক্ষিত প্রবৃদ্ধি অর্জিত হয়নি। তাই চলতি অর্থবছরের (২০১৯-২০) জিডিপি প্রবৃদ্ধির হার সংশোধন করে ৫ দশমিক ২ শতাংশ নির্ধারণ করা হয়েছে।