প্রতিরক্ষা খাতে ৩৪ হাজার ৮৪২ কোটি টাকা বরাদ্দ

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের জন্য নতুন অর্থবছরের বাজেটে ৩৪ হাজার ৮৪২ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। যা চলতি অর্থবছরের মূল বরাদ্দের চেয়ে ২ হাজার ৩২২ কোটি টাকা বেশি।

বৃহস্পতিবার ২০২০-২১ অর্থবছরের জন্য ৫ লাখ ৬৮ হাজার কোটি টাকার বাজেট জাতীয় সংসদে উপস্থাপন করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এর মধ্যে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের জন্য ৩৪ হাজার ৮৪২ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেন অর্থমন্ত্রী। ২০১৯-২০ অর্থবছরের বাজেটে এ খাতের জন্য বরাদ্দ ছিল ৩২ হাজার ৫২০ কোটি টাকা। বিদায়ী বছরের সংশোধিত বরাদ্দে প্রতিরক্ষা মন্ত্রণালয় খরচ করেছে ৩২ হাজার ৯৭৫ কোটি টাকা, যা মূল বাজেট থেকে ৪৫৫ কোটি টাকা বেশি। ২০২০-২১ বছরের প্রস্তাবিত বাজেটের বরাদ্দ বিদায়ী বছরের সংশোধিত বরাদ্দ থেকে বেড়েছে ১ হাজার ৮৬৭ কোটি টাকা।

অন্যদিকে আগের অর্থবছরের বাজেটের তুলনায় এবার ৩ কোটি টাকা বাড়িয়ে সশস্ত্র বাহিনী বিভাগের জন্য ৪১ কোটি টাকার বরাদ্দের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। ২০১৯-২০ অর্থবছরের বাজেটে এই বিভাগকে ৩৮ কোটি টাকা বরাদ্দ দেওয়া হলেও সংশোধিত বরাদ্দে সেই অঙ্ক দাঁড়িয়েছিল ১৩১ কোটি টাকায়।