করোনা সংক্রমণ রোধে পুরো ঢাকাকে লকডাউনের আওতায় আনার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন দায়ের করা হয়েছে। একইসঙ্গে করোনা চিকিত্সার সুবিধার জন্য পর্যাপ্ত হাই-ফ্লো নেজাল অক্সিজেন ক্যানুলা সংগ্রহের নির্দেশনা চাওয়া হয়েছে। বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন হাইকোর্টের একক ভার্চুয়াল বেঞ্চে গতকাল বৃহস্পতিবার ই-মেইলযোগে এ রিট করা হয়। সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মনজিল মোরসেদ এ রিট করেন।
রিটে বলা হয়েছে, ঢাকা শহরকে কড়াকড়িভাবে সম্পূর্ণভাবে লকডাউন করতে হবে। এটা করা না হলে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা বাড়বে। কারণ যেভাবে করোনা ভাইরাসে আক্রান্ত মানুষের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে তাতে এলাকাভিত্তিক লকডাউন কোনো সুফল বয়ে আনবে না। এছাড়া বারবার পরামর্শ ও তাগিদ দেওয়ার পর এখনো মানুষের জীবন বাঁচানোর জন্য প্রয়োজনীয় একটি চিকিত্সা-কৌশল ‘হাই ফ্লো নেজাল অক্সিজেন ক্যানুলা’র ব্যবস্থা নিশ্চিত করা হয়নি। অতিদ্রুত সর্বোচ্চ অগ্রাধিকার ভিত্তিতে কালক্ষেপণ না করে অনতিবিলম্বে এর জোগান নিশ্চিতকরণের নির্দেশনা চাওয়া হয়েছে রিটে।