প্রার্থীদের ভোটের ব্যবধান বেশি নিয়ে গবেষণা প্রয়োজন ----মানবাধিকার কমিশন চেয়ারম্যান

মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক বলেছেন, প্রার্থীদের জয়-পরাজয়ে এতো ভোটের ব্যবধান কেন হলো, এটা নিয়ে একটা গবেষণা হতে পারে। এটা গবেষণা করে দেখা উচিত। গতকাল মঙ্গলবার রাজধানীর কাওরানবাজারে জাতীয় মানবাধিকার কমিশনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। এসময় তিনি নির্বাচন কেন্দ্রিক মানবাধিকার সংরক্ষণ নিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।

কাজী রিয়াজুল হক বলেন, সংসদ নির্বাচনের সময় সারাদেশ থেকে ৫২টি অভিযোগ পেয়েছে জাতীয় মানবাধিকার কমিশন। এসব অভিযোগের বিষয়ে তাত্ক্ষণিক ব্যবস্থা নেওয়ার জন্য নির্বাচন কমিশনের সচিবকে বলা হয়েছে। বেশিরভাগ অভিযোগ ভয়ভীতি প্রদর্শন। দলীয় সরকারের অধীনে নির্বাচন সুষ্ঠু এবং সহিংসতা কম হয় কিনা জানতে চাইলে তিনি সাংবাদিকদের বলেন, কোনও মৃত্যুই কাম্য না। তবে ১৯৯১ সাল থেকে এ পর্যন্ত যত নির্বাচন হয়েছে সেগুলোর তুলনায় এবার সহিংসতার হার কম। তাই দলীয় সরকারের অধীনেও অংশগ্রহণমূলক ও সুষ্ঠু নির্বাচন সম্ভব।

এক প্রশ্নের জবাবে কাজী রিয়াজুল হক বলেন, যে মানুষগুলো নিবাচনী সহিংসতায় মারা গেছেন, আমরা তাদের বিষয়ে খোঁজখবর নিচ্ছি। নির্বাচন কমিশনকে চিঠি দিবো। তারা এসব বিষয়ে কী ব্যবস্থা গ্রহণ করে তাও জানবো। আমরা কমিশনের পক্ষ থেকেও তদন্ত করবো। রাজধানীর গুলশান, খিলগাঁও, বনানী ও বেইলি রোডের ভোটকেন্দ্র পরিদর্শন করেছেন চেয়ারম্যান রিয়াজুল হক। এসময় ঐক্যফ্রন্টের প্রার্থীদের এজেন্ট কেন্দ্রে দেখেছেন কিনা? জানতে চাইলে তিনি বলেন, কয়েকটি কেন্দ্রে তাদের এজেন্ট দেখেছি, কিছু কেন্দ্রে দেখিনি।