দুর্যোগ ব্যবস্থাপনা কাউন্সিলে সমাজকল্যাণ মন্ত্রণালয়কে অন্তর্ভুক্তির সুপারিশ

দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক জাতীয় কাউন্সিলে সমাজকল্যাণ মন্ত্রণালয় ও সমাজসেবা অধিদপ্তরকে অন্তর্ভুক্ত করার সুপারিশ করেছেন বিশেষজ্ঞরা। এটি দুর্যোগের ক্ষতি নিয়ন্ত্রণ এবং সামাজিক সুরক্ষা নিশ্চিতের পাশাপাশি প্রতিবন্ধিদের সুরক্ষা নিশ্চিতে সহায়ক হবে বলে মনে করেন তারা। গতকাল মঙ্গলবার রাজধানীতে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে অনুষ্ঠিত এক সেমিনারে এ মতামত দেন বিশেষজ্ঞরা।

সেমিনারে দুর্যোগ ব্যবস্থাপনা আইন ২০১২ তে দুর্যোগ মোকাবিলার জন্য একটি জাতীয় স্বেচ্ছাসেবক সংগঠন গঠনসহ যেসব সংগঠন প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে কাজ করে এমন সংগঠনগুলোকে অন্তর্ভুক্ত করারও সুপারিশ করা হয়। অধিদপ্তরের মহাপরিচালক সৈয়দ এম এ হাশিমের সভাপতিত্বে অনুষ্ঠানে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. শাহ্ কামাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মোহসীনের সঞ্চালনায় সেমিনারে প্রস্তাবনা উপস্থাপন করেন প্রতিবন্ধিতা বিষয়ক পরামর্শক ডা. নাফিসুর রহমান।

সেমিনারে দুর্যোগকালে গণমাধ্যমে সংকেতসমূহ প্রচারের সময় প্রতিবন্ধী ব্যক্তিরা বুঝতে পারে এমন ব্যবস্থা অন্তর্ভুক্ত করার প্রস্তাব রাখা হয়। দুর্যোগের কারণে যেসব মানুষ দুর্ঘটনার কবলে পড়ে প্রতিবন্ধিতার শিকার হয় তাদের পরিসংখ্যান সংরক্ষণ ও অনুদান প্রদানের সুযোগ রাখারও কথা বলা হয়। শাহ্ কামাল বলেন, ইতোমধ্যে অনেকগুলো নীতিমালা ও বিধিমালায় প্রতিবন্ধী ব্যক্তিদের সাথে সম্পৃক্ত বিভিন্ন বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে। বিশেষ করে আশ্রয়কেন্দ্র নির্মাণ ও মানবিক সহায়তা প্রাপ্তিতে অগ্রাধিকার প্রদান করা হয়েছে।