একাদশ সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের নির্বাচিত সংসদ সদস্য ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের শপথ গ্রহণের ওপর স্থগিতাদেশ চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। ওই আসনের জাতীয় পার্টির (জাপা) প্রার্থী আইনজীবী ড. ইউনূস আলী আকন্দ গতকাল মঙ্গলবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট করেন।
রিটকারী জানান, রাশেদ খান মেনন একজন সংসদ সদস্য। এই পদটি লাভজনক। ফলে লাভজনক পদে থেকে সংসদ নির্বাচনে অংশগ্রহণের সুযোগ নেই। এ কারণে সংক্ষুদ্ধ হয়ে নির্বাচন কমিশন কর্তৃক সংসদ সদস্য হিসেবে মেননের নামের গেজেট ও শপথ গ্রহণের ওপর স্থগিতাদেশ চেয়ে এ রিট করা হয়েছে। এতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি), নির্বাচন কমিশন ও রিটার্নিং অফিসারকে বিবাদী করা হয়েছে।
গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত নির্বাচনে মহাজোটের প্রার্থী হিসেবে রাশেদ খান মেনন এক লাখ ৩৯ হাজার ৫৩৮ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস পান ৩৮ হাজার ৭১৭ ভোট। তবে ইউনূস আলী আকন্দ কত ভোট পেয়েছেন সেটা তিনি নিজে প্রকাশ করতে চাননি। তিনি বলেন, কত ভোট পেয়েছি সেটা বলার মত নয়।