ওয়েস্ট ইন্ডিজের পর ইংল্যান্ড সফরের অপেক্ষায় আছে পাকিস্তান দল। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এই সফরের জন্য গতকাল দল ঘোষণা করেছে। টেস্ট ও টি-টোয়েন্টি মিলিয়ে ২৯ জনের স্কোয়াডে বড়ো চমক হলো ডাক পেয়েছেন অনূর্ধ্ব ১৯ দলের হায়দার আলী। পাশাপাশি আরেকটি চমক হলো ৩৬ বছর বয়সি পেসার সোহেল খানের ফেরা। পূর্ণাঙ্গ সূচি নির্ধারিত না হলেও তিন টেস্ট ও তিন টি-টোয়েন্টির সিরিজটি হওয়ার কথা আগস্ট-সেপ্টেম্বরে। তবে নির্দিষ্ট সময় কোয়ারেন্টাইনে থাকতে ও পর্যাপ্ত প্রস্তুতি নিতে পাকিস্তান দল ইংল্যান্ডে যাবে এ মাসের শেষ দিকেই।
গেল ফেব্রুয়ারির যুব বিশ্বকাপে ভারতের বিপক্ষে একটি হাফ সেঞ্চুরি ছাড়া তেমন কিছু করতে পারেননি হায়দার আলী। তবে আলোচনায় উঠে আসেন বিশ্বকাপের পর পাকিস্তান সুপার লিগের (পিএসএল) পারফরম্যান্সে। ঐ টুর্নামেন্টে ৯ ম্যাচে ২৩৯ রান করেন ১৫৮.২৭ স্ট্রাইক রেটে। অন্য দিকে দলে ফেরা পেসার সোহেল পাকিস্তানের হয়ে খেলেছেন ৯ টেস্ট ও ৫ টি-টোয়েন্টি। সবশেষ আন্তর্জাতিক ক্রিকেটে খেলেছেন প্রায় তিন বছর আগে।
সবশেষ সিরিজে দলে ডাক পেলেও খেলার সুযোগ না পাওয়া ফাওয়াদ আলম টিকে গেছেন এই সিরিজেও। ৩৪ বছর বয়সি ব্যাটসম্যান সবশেষ টেস্ট খেলেছেন ২০০৯ সালে, সবশেষ টি-টোয়েন্টি ২০১০ সালে। সফর থেকে আগেই নিজেদের নাম প্রত্যাহার করে নিয়েছেন পেসার মোহাম্মদ আমির ও ব্যাটসম্যান হারিস সোহেল। চোটের কারণে নেই পেসার হাসান আলি। আমিরের মতোই টেস্ট থেকে বিরতিতে যাওয়া পেসার ওয়াহাব রিয়াজ আছেন দলে।