ক্রিকেটে তীব্রভাবে বর্ণবাদ আছে বলে দাবি করলেন ইংল্যান্ডের হয়ে ১৩টি আন্তর্জাতিক ম্যাচ খেলা মাইকেল কারবেরি। তিনি বলেন, ‘ক্রিকেটে বর্ণবাদ তীব্রভাবে আছে। ক্রিকেটে যে ব্যাপারটি আছে, খেলাটা যারা চালায়, তারা কৃষ্ণাঙ্গদের পাত্তা দেয় না। ইংলিশ ক্রিকেটের কাঠামোয় কালো মানুষরা মোটেও গুরুত্ব পায় না।’ ইংলিশ কাউন্টি ক্রিকেটে প্রায় দেড় যুগ খেলেছেন কারবেরি। প্রথম শ্রেণির ক্রিকেটে ম্যাচ খেলেছেন ২০৮টি। ইংলিশ ক্রিকেটে কৃষ্ণাঙ্গদের বাস্তবতা আঙুল তুলে দেখিয়ে দিলেন তিনি। তিনি বলেন, ‘এই মুহূর্তে যদি ইংলিশ ক্রিকেটে তাকান, গুরুত্বপূর্ণ সব সিদ্ধান্ত যারা নেন, সেখানে কি এক জনও কৃষ্ণাঙ্গ আছেন? অ্যান্ড্রু স্ট্রাউস, অ্যাশলি জাইলসরা বড়ো দায়িত্বে আছেন। কোনো কৃষ্ণাঙ্গ ক্রিকেটার কবে ইংলিশ ক্রিকেটে বড়ো সিদ্ধান্ত নিয়েছেন? এক জনও নয়।’