দোহার ও মির্জাপুরে করোনা উপসর্গে দুই যুবকের মৃত্যু

ঢাকার দোহার উপজেলায় করোনার উপসর্গ নিয়ে মো. তরিকুল ইসলাম (৩৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। শুক্রবার সকালে দোহারে জানাযা শেষে সামাজিক কবর স্থানে লাশ দাফন করা হয়।

মো. তরিকুল ইসলাম উপজেলার সুতারপাড়া গ্রামের মরহুম সিরাজুল ইসলামের ছেলে। তিনি ঢাকায় কাজ করতেন বলে জানা গেছে।

স্থানীয় ও পরিবার সূত্রে যায়, তরিকুল ইসলাম ১০/১২ দিন ধরে সর্দি-কাশি ও শ্বাস কষ্টে ভুগছিলেন। তার শারীরিক অবস্থা দিন দিন খারাপের দিকে গেলে তাকে তার পরিবার ১১ জুন ঢাকার একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় । স্বাস্থ্য বিধি মেনে শুক্রবার সকালে উপজেলার আলামিন বাজার কবরস্থানে লাশ দাফন করা হয়। এ ব্যাপারে দোহার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. জসিম উদ্দিন জানান, মৃত ব্যক্তির নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পাঠানো হয়েছে।

আরও পড়ুন: রাজশাহী বিভাগে আক্রান্ত ২ হাজার ছাড়ালো

মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা জানান, করোনার পরীক্ষার রিপোর্ট হাতে আসার আগেই করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন মো. শাহ আলম (৪০) নামে ব্যক্তি। তিনি দর্জির কাজ করতেন। শুক্রবার সকালে নিজ বাড়িতে তিনি মারা যান। তার পিতার মো. কসিম উদ্দিন। শাহ আলমের বাড়ি টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার মহেড়া ইউনিয়নের হাড়ভাঙ্গা গ্রামে। করোনার উপসর্গ নিয়ে শাহ আলমের মৃত্যুর ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পরেছে। মহেড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. বাদশা মিয়ার উপস্থিতিতে সামাজিক দুরত্ব বজায় রেখে হাড়ভাঙ্গা গ্রামের সামাজিক গোরস্থানে লাশ দাফন করা হয়েছে।

ইত্তেফাক/এসি