সাভারে শ্রমিক ছাঁটাই বন্ধ ও বকেয়া বেতনের দাবিতে মানববন্ধন

সাভারে শ্রমিক ছাঁটাই, নির্যাতন, মামলা-হামলা বন্ধ ও বকেয়া বেতন পরিশোধের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে দুটি শ্রমিক সংগঠন। বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড শিল্প শ্রমিক ফেডারেশন ও গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের যৌথ উদ্যোগে গতকাল শুক্রবার সকালে সাভার বাসস্ট্যান্ড এলাকার রানা প্লাজার সামনে স্বাস্থ্যবিধি মেনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে শ্রমিক নেতারা বলেন, করোনাকে পু?ঁজি করে অনেক পোশাক কারখানার মালিক বেতন-ভাতা পরিশোধ না করেই বিনা কারণে অন্যায়ভাবে শ্রমিকদের ছাঁটাই করছে। তারা বলেন, আশুলিয়ার রেজা ফ্যাশন লি. এ তিন শতাধিক, মেডলার এ্যাপারেলস লি. এ ২৪৫ জন, স্টারলিং ক্রিয়েশনে দুই শতাধিক, ভিনটেজ গার্মেন্টসের ৪০ জন ও শফিপুরের ময়েজউদ্দিন টেক্সটাইলে দুই শতাধিক শ্রমিককে তাদের পাওনা পরিশোধ না করেই ছাঁটাই করা হয়েছে। এছাড়া রেজা ফ্যাশন ও মেডলার এ্যাপারেলসের প্রায় ৭০০-৮০০ শ্রমিকের নামে মিথ্যা মামলা দায়ের করে হয়রানি করছে কারখানা কর্তৃপক্ষ। তাই অবিলম্বে শ্রমিক ছাঁটাই বন্ধ ও মিথ্যা মামলা প্রত্যাহার করে ছাঁটাইকৃত শ্রমিকদের চাকরিতে পুনর্বহাল এবং বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবি জানান তারা। মানববন্ধনে বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড শিল্প শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি রফিকুল ইসলাম সুজন, সাধারণ সম্পাদক সুমাইয়া ইসলাম, গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সৌমিত্র কুমার দাশ প্রমুখ উপস্থিত ছিলেন।