ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য মন্ত্রণালয়ভিত্তিক বাজেট বরাদ্দ দাবি

বাজেটে ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য মন্ত্রণালয়ভিত্তিক বরাদ্দের দাবি জানিয়েছে বাংলাদেশ আদিবাসী ফোরামের নেতৃবৃন্দ। তারা বলেছেন, কোভিড-১৯ মহামারির সময় ও মহামারি পরবর্তীকালে ক্ষুদ্র নৃগোষ্ঠীর সুরক্ষা ও তাদের সার্বিক উন্নয়ন কার্যক্রমে কমপক্ষে ১১ হাজার কোটি টাকার বার্ষিক বরাদ্দ দেওয়া হোক। একই সঙ্গে সমতলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর উন্নয়ন ও অংশগ্রহণমূলক বাজেট নিশ্চিতকরণে একটি পৃথক মন্ত্রণালয় এবং খাতভিত্তিক ও মন্ত্রণালয়ভিত্তিক বাজেট বরাদ্দ নিশ্চিত করার সুপারিশ জানিয়ে তারা বলেন, একটি রাষ্ট্র তখনই সুন্দর হবে যখন এদেশের প্রান্তিক ও সংখ্যালঘু মানুষ ভালো থাকবে। বৃহস্পতিবার সংসদে ৫ লাখ ৬৮ হাজার কোটি টাকার আগামী ২০২০-২১ অর্থবছরের জন্য বাজেট পেশ করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বাজেট অধিবেশনের পরই ‘করোনাকালে জাতীয় বাজেট ও আদিবাসী’ শীর্ষক অনলাইন আলোচনার আয়োজন করে বাংলাদেশ আদিবাসী ফোরাম। এতে সহযোগিতা করে আই.পি.নিউজ.বিডি.কম।

আলোচনার শুরুতে আদিবাসী ফোরামের সদস্য সোহেল হাজং বলেন, বাজেটে বরাবরের মতো দেশের ৩০ লাখ ক্ষুদ্র নৃগোষ্ঠী উপেক্ষিত। এই করোনাকালেও দেশের অবহেলিত আদিবাসীদের গুরুত্ব দিয়ে বাজেট হয়নি। আদিবাসী বিষয়ক সংসদীয় ককাসের আহ্বায়ক ফজলে হোসেন বাদশা এমপি বলেন, সমতলের ২০ লাখ ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য মাত্র ৮০ কোটি টাকা বার্ষিক বরাদ্দ আসলে কিছুই না। তিনি মন্ত্রণালয়ভিত্তিক বাজেট করার পক্ষে বলেন। এএলআরডির নির্বাহী পরিচালক শামসুল হুদা সকল শ্রেণির মানুষকে যুক্ত করে তাদের মতামতের ভিত্তিতে বাজেট নির্ধারণের দাবি জানান।

ঢাবির অধ্যাপক মেসবাহ কামাল বলেন, ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য বাজেট বাড়ানো প্রয়োজন। আরো বক্তব্য রাখেন কাপেং ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক পল্লব চাকমা, ফোরামের সদস্য মেনথেইন প্রমিলা ও আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং।