প্রাচ্যের ড্যান্ডি খ্যাত নারায়ণগঞ্জ ঘিঞ্জি নগরী হওয়ায় করোনা ভাইরাস দ্রুত মানুষের মধ্যে ছড়িয়ে পড়েছে। বিশেষ করে গত ৮ মার্চ প্রথম ইতালি ফেরত প্রবাসী ও তার স্ত্রীর করোনা শনাক্ত হওয়ার পর করোনা সম্পর্কে স্বাস্থ্য বিভাগের পূর্ব অভিজ্ঞতা না থাকায় এ ভাইরাস ধীরে ধীরে ছড়িয়ে পড়তে থাকে। তার ওপর এপ্রিলের প্রথম সপ্তাহে শ্রমিকদের ডেকে এনে আবার তাদেরকে বাড়ি পাঠানোর ফলে এসব শ্রমিক স্বাস্থ্যবিধি না মেনে চলাচল করায় নারায়ণগঞ্জ হটস্পটে পরিণত হয়। এছাড়া শ্রমিকদের একই ঘরে গাদাগাদি করে বসবাসের ফলে বসবাসের ঝুঁকি আরো বেড়ে যায়। এদিকে করোনার ফলে বিপর্যস্ত নারায়ণগঞ্জের সব উন্নয়নমূলক কার্যক্রম। সূত্রমতে, দিনে দিনে নারায়ণগঞ্জ বসবাসের অযোগ্য নগরীতে পরিণত হয়েছে। শহরের ফুটপাত হকারদের দখলে। ক্রেতারা স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করায় করোনা পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে।
নগরবাসীর অনেকে করোনা প্রতিরোধে নাসিকের ভূমিকা নিয়ে নানা প্রশ্ন তুলছেন। সিটি করপোরেশন এলাকার বাসিন্দাদের নিরাপত্তাসহ স্বাস্থ্য সুরক্ষার দায়িত্ব নাসিকের কিন্তু তারা দায়িত্ব যথাযথ পালন করছে না বলেও অনেকের অভিযোগ।