অণুগল্প

কাচের পৃথিবী

ঘুটঘুটে রাতের আঁধারে বাসা থেকে পালিয়েছে সৈকত আর শারমিন।

আমাদের এভাবে চলে আসাটা কি ঠিক হলো? শারমিন ফিসফিস করে বলল।

সৈকত দীর্ঘশ্বাস ফেলে বলল, না ঠিক হয়নি। কিন্তু আমরা কী করতে পারতাম? বাঁচব আর ক’টা দিন মাত্র। হাসপাতালের বদ্ধঘরে মরতে চাই না। জীবন উপভোগ করে একসঙ্গে মরতে চাই।

সমস্ত শহরে ছড়িয়ে পড়ল খবর। জিরোনোয় আক্রান্ত দুজন স্বামী-স্ত্রী পালিয়েছে।

এক শ বছর আগে ২০২০ সালে যখন পৃথিবীতে করোনা মহামারি শুরু হয়েছিল, তখন বেশিরভাগ মানুষই বেঁচে যেত। কিন্তু ২১২০ সালের জিরোনা মহামারিতে বেঁচে থাকার চান্স জিরো বলা যায়।

সৈকত-শারমিন আকাশের দিকে তাকাল। পরস্পরকে জড়িয়ে ধরে হু-হু করে কেঁদে উঠল—আমাদের একসঙ্গে মরার ইচ্ছেটা খুব শিগগিরই পূরণ হবে। আমরা আকাশ দেখে দেখে মরব। চলে যাব জনমানবহীন বনজঙ্গলে।

কিন্তু পুলিশের হাতে ওদের ধরা পড়তেই হলো। অ্যাম্বুলেন্সে সৈকত-শারমিন। দুজনারই দৃষ্টি অ্যাম্বুলেন্সের কাচের জানালায় বাইরের কাচের পৃথিবীর দিকে।