পাবনার পুলিশ সুপার করোনায় আক্রান্ত

পাবনার পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম করোনায় আক্রান্ত হয়েছেন। সম্প্রতি পেশাগত কাজে বিভিন্নস্থানে যাওয়ার জন্যে তিনি করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে। শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছেন পাবনার অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস। এ ব্যাপারে পাবনার পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম পিপিএম, বিপিএম (বার) বলেন, আমি করোনায় আক্রান্ত জানার সঙ্গে সঙ্গেই নিজেই নিজেকে গুটিয়ে নিয়েছি। আমার কর্মস্থলে বা বাইরে যাদেরই সংস্পর্শে এসেছি তাদেরই পরীক্ষা করার জন্যে বলেছি। আর অফিসের সবারই নমুনা নিয়ে পরীক্ষার জন্যে পাঠানো হবে।

ফেনীর সিভিল সার্জন করোনায় আক্রান্ত

পরশুরাম (ফেনী) সংবাদদাতা জানান, করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন ফেনী সিভিল সার্জন ডা. মো. সাজ্জাদ হোসেন। শুক্রবার বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন (বিএমএ) ফেনী জেলা সভাপতি ডা. শাহেদুল ইসলাম কাওসার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, করোনা পরীক্ষার জন্য নমুনা দিয়েছিলেন ফেনী সিভিল সার্জন ও জেলা করোনা প্রতিরোধ কমিটির সদস্য সচিব ডা. মো. সাজ্জাদ হোসেন। শুক্রবার পাঠানো প্রতিবেদনে তার নমুনা শনাক্ত হয়।

এদিকে দাগনভূঁঞা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুবাইয়াত বিন করিমককে ভারপ্রাপ্ত সিভিল সার্জন হিসেবে নিযুক্ত করা হয়েছে। এ বিষয়ে ডা. রুবাইয়াত বিন করিম জানান, তিনি এখনো এ সংক্রান্ত কোনো চিঠি পাননি। তবে তাকে দায়িত্ব পালন করতে মৌখিকভাবে বলা হয়েছে।