করোনা উপসর্গ

এক সপ্তাহের ব্যবধানে পিতা-পুত্রের মৃত্যু

চাঁদপুরের হাজীগঞ্জে এক সপ্তাহের ব্যবধানে পিতা-পুত্রের মৃত্যু হয়েছে। গত ৫ জুন সকাল ৯টায় ছেলে আব্দুল আউয়াল (৫০) করোনা উপসর্গ নিয়ে নিজ বাড়িতে মারা যান। আর গতকাল শুক্রবার সকাল ৯টায় তার বাবা আবুল কাশেম প্রকাশ লেদা মিয়াও (৭৫) করোনা উপসর্গে মারা যান।

শুক্রবার দুপুরে মৃত আব্দুল আউয়ালের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে বলে নিশ্চিত করেছে উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এইচ এম চিশতী। এদিকে বাবা আবুল কাশেম লেদা মিয়ারও করোনা পরীক্ষার নমুনা সংগ্রহ করেছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেনেটারি কর্মকর্তা মো. জসিমউদ্দিন।

ছেলের ২০ দিন পর মায়ের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি জানান, করোনা উপসর্গ নিয়ে ছেলের পর মা মারা গেছেন। ২২ মে ছেলে মারা যাওয়ার পর ১১ জুন মা মারা গেলেন। স্বাস্থ্যবিধি মেনেই দুই জনের সত্কার সম্পন্ন হয়। ছেলের করোনা বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। তবে মায়ের নমুনা নেওয়া হয়েছে। ঐ পরিবারের আরো চার সদস্য করোনায় আক্রান্ত।