টাঙ্গাইলের কালিহাতীতে পোস্টমাস্টারকে গুলি করে ছিনতাইকৃত ৫০ লাখ টাকার মধ্যে সাড়ে ১৭ লাখ টাকা উদ্ধার করেছে পুলিশ। ছিনতাই ঘটনার মূল আসামি উপজেলা যুবলীগের ত্রাণবিষয়ক সম্পাদক মনিরুল ইসলাম সজীবের দেওয়া তথ্য অনুযায়ী গত বুধবার মো. ইমান আলী ও তার ছেলে ইমরান নাজিরকে গান্দিনা গ্রাম থেকে গ্রেফতার করা হয়। ইমান আলী মূল আসামি সজীবের শ্বশুর এবং উপজেলার নাগবাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি। বৃহস্পতিবার মো. ইমান আলীর বাড়ির গোয়ালঘর থেকে বস্তাবন্দি অবস্থায় সাড়ে ১৭ লাখ টাকা উদ্ধার করা হয়। টাকা উদ্ধারের পর ইমান আলী ও তার ছেলে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। পরে টাঙ্গাইলের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রুপন কুমার দাস তাদেরকে জেলহাজতে পাঠান।
উল্লেখ্য, গত ১৭ মে উপজেলার বল্লা সাব-পোস্টঅফিসের পোস্টমাস্টার মো. মুজিবর রহমানকে গুলি করে সঞ্চয়পত্র ও এফডিআরের ৫০ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ উপজেলা যুবলীগের ত্রাণবিষয়ক সম্পাদক মনিরুল ইসলাম সজীবসহ টাঙ্গাইল জেলা ছাত্রলীগের অপর দুই নেতাকে গ্রেফতার করে।