নরসিংদীতে দিন দিন করোনা রোগীর সংখ্যা বেড়েই চলছে। পাশাপাশি মৃতের সংখ্যাও। জেলায় সরকারি হিসাব মতে, এ পর্যন্ত করোনায় ১৫ জন মৃত্যুবরণ করেছে। করোনা উপসর্গ নিয়ে আরো ১৮ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতের সর্বশেষ তথ্য অনুযায়ী নতুন করে আরো ৫৫ জনের মধ্যে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে নরসিংদী জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৯৪৫ জনে। এরমধ্যে নরসিংদী সদর উপজেলায় ৬৫৩ জন, রায়পুরায় ৬৪ জন, শিবপুরে ৬৬ জন, বেলাবতে ৫৪ জন, পলাশে ৮০ জন ও মনোহরদীতে ২৮ জন।
জেলা স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, এখন পর্যন্ত জেলায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন মোট ১৫ জন, এরমধ্যে নরসিংদী সদরে ৯ জন, পলাশে ১ জন, বেলাব উপজেলায় ২ জন, রায়পুরায় ২ জন ও মনোহরদীতে ১ জন।
এদিকে করোনা সংক্রমণ রোধে জেলার মাধবদী পৌর এলাকার ৪ ও ৫ নম্বর ওয়ার্ডের উত্তর ও দক্ষিণ বিরামপুর বৃহস্পতিবার মধ্যরাত থেকে প্রাথমিকভাবে ১৪ দিনের জন্য লকডাউন করেছে জেলা প্রশাসন। নরসিংদী সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও কুইক রেসপন্স টিমের আহ্বায়ক শাহ আলম মিয়া জানান, শুধু চিকিত্সা ও ওষুধসহ জরুরি প্রয়োজন ছাড়া বাকি সব কিছুই কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে।