গলাচিপায় প্রীতি ম্যাচ ফুটবল শুরুর আগে অনুশীলনের সময় ডিপলু গাজী (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার ডিপলু জ্ঞান হারিয়ে মাঠে পড়ে গেলে গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। ডিপলু ডাকুয়া গ্রামের খলিল গাজীর ছেলে ।
গলাচিপা থানা পুলিশ জানায়, গতকাল বিকালে গলাচিপা উপজেলার ডাকুয়া ইউনিয়নের ডাকুয়া স্লুইসগেট এলাকায় সিনিয়র ও জুনিয়রদের মধ্যে প্রীতি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়। এ খেলা শুরু হওয়ার আগে ডিপলু বল নিয়ে মাঠে অনুশীলন করার সময় জ্ঞান হারিয়ে হঠাত্ পড়ে যায়। এর পরই খেলোয়াড়রা তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।
ডাকুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হানিফ গাজী জানান, ডিপলুর মৃগী রোগ ছিল। প্রায়ই একেক সময় একেক জায়গায় পড়ে যেত। গলাচিপা থানার অফিসার ইনচার্জ মো. মনিরুল ইসলাম বলেন, সুরাতহাল রিপোর্ট করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।