ছাতকের ভাতগাঁও ইউনিয়নের ঝিগলী কুঞ্জনপুর গ্রামে দুই পক্ষের সংঘর্ষে ৪০ জন আহত হয়েছে। গুলিবিদ্ধ হয়েছে ১২ জন। গ্রামের শাহবাজ মিয়া মেম্বর ও আজিজুর রহমান গ্রুপের মধ্যে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে গতকাল শুক্রবার সকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
জানা যায়, সংঘর্ষে উভয় পক্ষই দেশীয় ও আগ্নেয়াস্ত্র ব্যবহার করে। গুরুতর আহতদের সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের স্থানীয়ভাবে চিকিত্সা দেওয়া হয়েছে। লোকমান মিয়া নামের একজন জানান শাহবাজ মেম্বরের পক্ষে জাহেদ, সাবের, জাহির মিয়া, আনর আলী, রাকিব আলীসহ ২০ জন আহত হয়েছে তারা দাবি করেন। এদের মধ্যে কয়েক জন গুলিবিদ্ধ। কয়েছ আহমদ নামের একজন জানান আজিজুর রহমানের পক্ষের আফিজ আলী, নুরুল আমীন, আব্দুর রাজ্জাক, মিটু, নুরুল, কয়েছসহ ২০ জন আহত হয়েছেন; এদের মধ্যেও গুলিবিদ্ধ রয়েছেন। সংঘর্ষের সময় জাহিদপুর ফাঁড়ির পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। ক্যাম্পের ইনচার্জ দিদার আহমদ জানান বর্তমানে পরিস্থিতি শান্ত। গ্রামে পুলিশ মোতায়েন করা হয়েছে। স্থানীয়দের মাধ্যমে গোলাগুলির বিষয়ে জেনেছি। গ্রামে লাইসেন্স করা ছয়টি আগ্নেয়াস্ত্র রয়েছে। সেগুলো পরীক্ষা করা হবে।