লক্ষ্মীপুরে দিনদুপুরে নিজঘরে হিরা মনি (১৪) নামের এক স্কুলছাত্রীকে ধর্ষণ করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বিকালে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেছে পুলিশ। এর আগে দুপুরে সদর উপজেলার দক্ষিণ হামছাদী ইউনিয়নের নন্দনপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত হিরা মনি স্থানীয় মো. হারুনুর রশিদের মেয়ে ও পালেরহাট পাবলিক হাই স্কুলের নবম শ্রেণির ছাত্রী।
নিহতের স্বজন ও পুলিশ জানায়, স্কুলছাত্রী হিরা মনি সকালে একই গ্রামের তার নানাবাড়ি থেকে আজিম উদ্দিন পাটোয়ারী বাড়ির নিজবাড়ি আসে। তার বাবা হারুনুর রশিদ অসুস্থজনিত কারণে ঢাকায় হাসপাতালে ভর্তি থাকায় তার মাসহ পরিবারের অন্য সদস্যরা ঢাকায় অবস্থান করছিলেন। অসুস্থ বাবাকে দেখতে ঢাকায় যাওয়ার জন্য জামাকাপড় নিতে নানাবাড়ি থেকে নিজবাড়িতে আসলে দুপুরে নিজবাড়িতে ঘরে একা পেয়ে তাকে ধর্ষণ করে হত্যা করা হয়। পরে দুপুরের খাবার খেতে নানার বাড়িতে না যাওয়ায় তার নানি ঐ বাড়িতে এসে হিরা মনিকে ঘরে বিবস্ত্র অবস্থায় মৃত পড়ে থাকতে দেখেন। এ সময় তার চিত্কারে আশপাশের লোকজন এসে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠায়।
নিহত হিরা মনির মামা শাহজাহান বলেন, হিরা মনি আমাদের বাড়িতে ছিল। সকালে তাকে পালেরহাট নামিয়ে দিয়ে যাই। বিকালে এমন ঘটনা শুনতে হবে, তা কল্পনাও করিনি। যারা আমার ভাগনিকে হত্যা করেছে তাদের গ্রেফতার করে বিচারের দাবি জানায়।
পালেরহাট পাবলিক হাই স্কুলের প্রধান শিক্ষক বেলায়েত হোসেন খান জানান, হিরা মনি মেধাবী ছাত্রী ছিল। যারা তাকে নিষ্ঠুরভাবে হত্যা করেছে, সুষ্ঠু তদন্তের মাধ্যমে তাদেরকে বিচারের আওতায় আনার দাবি জানাচ্ছি।
এদিকে স্কুলছাত্রী ধর্ষণ ও হত্যাকাণ্ডের ঘটনায় বিক্ষুব্ধ হয়ে উঠেছেন এলাকাবাসী। তারা এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
লক্ষ্মীপুর সদর থানার ওসি (তদন্ত) মোসলেহ উদ্দিন জানান, ঘটনাস্থল পরিদর্শন করে ছাত্রীর মরদেহ উদ্ধার ও আলামত জব্দ করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে স্কুলছাত্রীকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বের করে গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।