বিহার সীমান্তে নেপাল পুলিশের গুলিতে এক ভারতীয় নিহত

বিহার সীমান্তে নেপালের পুলিশের গুলিতে এক ভারতীয় নিহত হয়েছেন। বিহারের সীতামারী সংলগ্ন ইন্দো-নেপাল সীমান্তের ওপারে হওয়া এই ঘটনায় আহত হয় আরো তিন জন। গুলিবিদ্ধদের সীতামারীর এক হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর এনডিটিভির

এসএসবির ডিজি সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন, শুক্রবার সকাল ৮টা ৪০ মিনিট নাগাদ এই ঘটনা ঘটেছে। লগন যাদব নামে এক ভারতীয়কে গ্রেফতার করেছে নেপাল পুলিশ। এসএসবির পাটনা ফ্রন্টিয়ারের আইজি সঞ্জয় কুমার বলেছেন, আমাদের তরফে যোগাযোগ করা হয়েছে। পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে। বিকাশ যাদব (২২) নামে নিহত ঐ যুবকের পেটে গুলি লেগেছিল। উমেশ রাম আর উদয় ঠাকুরকে সীতামারীর বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রাথমিক তদন্তে জানা যায়, নেপাল ভূখণ্ডে থাকা লগন যাদবের পুত্রবধূর আচরণের বিরোধিতা করা হয়। নেপাল সীমান্ত পুলিশ জানতে পারে নেপালি ঐ মহিলা ভারতীয় আরো কয়েকজনের সঙ্গে তাদের ভূখণ্ডে গল্প করছেন। ইন্দো-নেপাল সীমান্তে কাঁটাতার নেই। ফলে প্রায় এপার-ওপার যাতায়াত হয়। পারিবারিক সম্পর্ক গড়ে ওঠে। কিন্তু এদিন এই গল্পগুজবের পরিবেশে আপত্তি তোলে নেপাল সীমান্ত পুলিশ। শুরু হয় দুপক্ষের বিতণ্ডা। সীমান্তে জড়ো হয় প্রায় ৭৫-৮০ জন ভারতীয়।

নেপাল পুলিশ সূত্রে খবর, তারা প্রথমে হাওয়ায় গুলি ছুঁড়ে বার্তা পাঠানোর চেষ্টা করে। এতে পরিস্থিতি আরো ঘোলাটে হয়। বাহিনীর বন্দুক ছিনিয়ে নেওয়া হতে পারে এই আশঙ্কায় উপস্থিত জনতার উদ্দেশ্যে গুলি চালায় তারা। এই ঘটনাকে অপ্রত্যাশিত ও বাস্তবতাবর্জিত বলে কটাক্ষ করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।