হতদরিদ্রদের সংখ্যা দেড়গুন বেড়ে হবে ১১২ কোটি

গরীব যে শুধুই আরো গরীব হয়ে পড়বেন, তা নয়। করোনা সংক্রমণ আর লকডাউনের জেরে আরো প্রায় ৪০ কোটি মানুষ চরমতম দারিদ্রের শিকার হবেন পুরো বিশ্বে। শুধু ভারতেই দারিদ্রের চরম সীমায় পৌঁছবেন আরো ৬ কোটি মানুষ। যাদের আয় হবে দিনে ১৪৪ টাকা। উদ্বেগ সৃষ্টি করা এই গবেষণাপত্রটি গতকাল শুক্রবার প্রকাশ করেছে জাতিসংঘের অধীনে থাকা ‘ইউএনইউ-ওয়াইডার’।

গবেষক দলে রয়েছেন লন্ডনের কিংস কলেজ ও অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটির অর্থনীতিবিদরা। গত বছর ভারতে চরমতম দারিদ্র সীমার নীচে ছিলেন ৪ কোটি মানুষ। এই তথ্য বিশ্বব্যাঙ্কের দেওয়া আগের পরিসংখ্যানকেও ছাপিয়ে গেছে। যেখানে বলা হয়েছিল, বিশ্বে চরমতম দারিদ্রের শিকার হবেন ৭ থেকে ১০ কোটি মানুষ। দরিদ্রদের আর্থিক অবস্থা বোঝানোর জন্য বিশ্বব্যাংক যে কয়েকটি মাত্রা নির্ধারণ করেছে, সেগুলো একটি হলো, মানুষের আয় দিনে ১৬১ টাকা ৪১ পয়সা (১ দশমিক ৯০ ডলার) বা তারও কম। বিশ্বব্যাংকের দেওয়া সংজ্ঞায় এই আয়ের মানুষদেরই বলা হয় চরম দরিদ্র। আর যাদের আয় দিনে ৪৬৭ টাকা ২৪ পয়সা (৫ দশমিক ৫০ ডলার) তাদের বলায় বেশি দরিদ্র। গবেষকরা জানিয়েছেন, এই চরমতম দারিদ্র্যের মাত্রায় আগামী দিনে বিশ্বে দারিদ্র্যে চরম সীমায় পৌঁছে যাবেন বিশ্বের অন্তত ১১২ কোটি মানুষ।আর বেশি দরিদ্রের মাত্রায় এই পৃথিবীতে গরিব হয়ে পড়বেন অন্তত ৩৭০ কোটি মানুষ। যা পৃথিবীর মোট জনসংখ্যার অর্ধেকেরও বেশি। —আনন্দবাজার পত্রিকা