পাবনা প্রতিনিধি
পাবনায় বিষধর ‘রাসেল ভাইপার’ সাপের উপদ্রব দেখা দিয়েছে। এই বিষাক্ত সাপের দেখা মিলছে পদ্মার চরের ফসলের মাঠ, ঝোপঝাঁড় এমনকি বসতবাড়িতেও। এতে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ছে। প্রতিষেধকের সহজলভ্যতা না থাকায় আসন্ন বর্ষা মৌসুম সামনে রেখে চরাঞ্চলের মানুষদের সতর্ক থাকতে বলেছে স্থানীয় প্রশাসন। বন্যপ্রাণী গবেষকরা জানান, রাসেল ভাইপার বাংলাদেশে ‘চন্দ্রবোড়া’ নামে পরিচিত। স্থানীয় সূত্র জানায়, কদিন আগে ঈশ্বরদী উপজেলার সাড়া ইউনিয়নের মাঝদিয়া বড়ো পাড়া গ্রামের সেলিনা খাতুন নিজ ঘরেই সাপের দংশনের শিকার হন। পরিবারের লোকজন আগ্রাসি প্রকৃতির সাপটিকে মেরে রোগীর সঙ্গেই নিয়ে আসেন পাবনা জেনারেল হাসপাতালে। চিকিত্সকরা প্রথমে সাপটিকে চিনতে না পারলেও, পরিবেশবিদদের সহায়তায় নিশ্চিত হন সাপটি রাসেল ভাইপার। বর্তমানে সাপটিকে পাবনা মেডিক্যাল কলেজ হাসপাতালের ল্যাবে রাখা হয়েছে। পাবনা জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালট্যান্ট আবু সালেহ মোহাম্মদ জানান, সেলিনা খাতুনের শরীরে বিষক্রিয়ার কোনো উপসর্গ না দেখা দেওয়ায় তাকে শঙ্কামুক্ত বলেই ধারণা হয়েছে। পাবনা নেচার অ্যান্ড ওয়াইল্ড লাইফ কনজারভেশন কমিউনিটির সহসভাপতি সুপ্রতাপ চাকী বলেন, পদ্মার চরে কৃষকরা চাষাবাদ করেন, তাই তাদের সতর্ক থাকতে হবে। অনুকূল পরিবেশ পেয়ে পদ্মাপাড়ের চরগুলোতে এটির দ্রুত বিস্তার ঘটছে বলে মত তার। পাবনা জেলা প্রশাসক কবীর মাহমুদ ইত্তেফাককে জানান, স্থানীয়দের সতর্ক করতে জেলা প্রশাসনের বিশেষজ্ঞ দল পদ্মার চরগুলোতে কাজ শুরু করেছে।