নতুন উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে বিশেষ প্রণোদনার দাবি বাংলাদেশ চেম্বারের

ইত্তেফাক রিপোর্ট

বৈশ্বিক করোনা পরিস্থিতির কারণে যে অর্থনৈতিক মন্দা দেখা দিয়েছে তা কাটিয়ে ওঠার জন্য বাজেটে যথেষ্ট প্রতিফলন নেই বলে উল্লেখ করেছে বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ (বিসিআই)। আরো সুনির্দিষ্ট কর্মপন্থা ও বাস্তবভিত্তিক কর্মপরিকল্পনা বিস্তৃত হওয়া প্রয়োজন ছিল বলে চেম্বারের পক্ষ থেকে প্রতিক্রিয়ায় উল্লেখ করা হয়েছে। প্রস্তাবিত বাজেট নিয়ে গতকাল শনিবার বিসিআই-এর সভাপতি আনোয়ার-উল আলম চৌধুরী (পারভেজ) উল্লেখ করেন, করোনা মহামারির কারণে ক্ষুদ্র ও মাঝারি শিল্পপ্রতিষ্ঠান আজ এক মারাত্মক ঝুঁকির সম্মুখীন। শুধু পোশাকশিল্প নয়, স্বল্প পুঁজির কলকারখানা সচল রাখা এবং এসব ক্ষুদ্র ব্যবসায়ীদের আর্থিক প্রণোদনা ও দক্ষ কর্মী সৃষ্টির মাধ্যমে কর্মসংস্থানের ব্যবস্থা করা অতি জরুরি যে বিষয়ে সুনির্দিষ্ট রূপরেখা থাকা প্রয়োজন। কোভিড-১৯-এর প্রভাবে বেকারত্বের হার বৃদ্ধি পেতে পারে। এই পরিস্থিতি মোকাবিলায় নতুন উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে বিশেষ প্রণোদনার ব্যবস্থা রাখার অনুরোধ জানানো হয়েছে।

করপোরেট কর কমানোর কারণে ব্যবসায়ী প্রতিষ্ঠান কিছুটা লাভবান হবে নিঃসন্দেহে তবে করোনা পরবর্তী সময়ে অর্থনীতি টিকে থাকার জন্য শিল্প ক্ষেত্রে করপোরেট করের হার হ্রাস করার অনুরোধ জানান তিনি। ভ্যাট রিটার্ন পদ্ধতি সম্পূর্ণ অনলাইন করা, রিফান্ড পদ্ধতি সহজীকরণ এবং মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইনের ধারা অনুযায়ী ভ্যাট, শুল্ক ও অগ্রিম কর ২ মাসের মধ্যে রিফান্ড করার প্রস্তাব করেন তিনি। বিসিআই কাঁচামাল ও উপকরণ আমদানির ক্ষেত্রে অগ্রিম কর প্রত্যাহ্যার করার প্রস্তাব করছে। বাজেটে যে অর্থনৈতিক প্রবৃদ্ধি ৮ দশমিক ২ শতাংশ ধরা হয়েছে তাও অনেক উচ্চাভিলাষী বলে মনে হয় এটা আরো বাস্তবভিত্তিক হওয়া প্রয়োজন। বাজেট ঘাটতি ১ লাখ ৯০ হাজার কোটি টাকা, এ ঘাটতি পূরণে সরকার ব্যাংক খাত থেকে ৮৪ হাজার ৯৮০ কোটি টাকা ঋণ গ্রহণের কথা বলেছে। সরকার যদি ব্যাংক খাত থেকে এ পরিমাণ ঋণ গ্রহণ করে, তাহলে বেসরকারি খাতের ঋণ প্রবাহে তার নেতিবাচক প্রভাব পড়বে। এছাড়া পরিবহন ও যোগাযোগ খাতে বাজেটের ১১ দশমিক ২ শতাংশ বরাদ্দ রাখা হয়েছে যা এই মুহূর্তে অতীব জরুরি নয়। এ খাতে বরাদ্দকৃত অর্থ গ্রামীণ অর্থনীতি সচল করে এমন সব প্রণোদনা প্যাকেজ অন্তর্ভুক্ত হলেই বেশি জনকল্যাণমুখী হতো। গ্রামীণ বেকারত্ব দূরীকরণ ও কর্মসংস্থান সৃষ্টি এখন বেশি প্রয়োজন। এজন্য বিশেষ স্কিম নেওয়া যেতে পারে।