সাকলায়েন মুশতাক এখন পুরোদস্তুর কোচ। এখন বোলার হিসেবে না হলেও, কোচ হিসেবে তার সামলাতে হয় বিরাট কোহলিকে। বোলারদের সঙ্গে নিয়ে রোজ খুঁজতে হয় বিরাটের দুর্বলতার জায়গা। ইংল্যান্ডে কাজ করার সময় মঈন আলী ও আদিল রশিদদের সঙ্গে বিরাট কোহলিকে নিয়ে অনেক কাজ করেছেন তিনি। তিনি বলেন, ‘সে (কোহলি) এক জন নয়, এগারো জন। আমি ওদেরকে (মইন ও রশিদ) সবসময় এটিই বলতাম যে, বিরাটকে আউট করা মানে গোটা ভারতীয় দলকে আউট করা। সে একাই ১১ জনের সমান, তাকে সেভাবেই দেখতে হবে।’ কোহলির ব্যাপারে বোলারদের আক্রমণের কৌশলের ব্যাপারে তিনি বলেন, ‘বোলার হিসেবে নিজের ভাবনায় পরিষ্কার থাকতে হবে। হ্যাঁ, সে অবশ্যই বিশ্বমানের ব্যাটসম্যান যে নিজের খেলায় চূড়ায় আছে এবং কোনো ধরনের স্পিনেই যার কোনো দুর্বলতা নেই, সেটা হোক অফ স্পিন, বা লেগ কিংবা বাঁহাতি স্পিন।’