শিবচর (মাদারীপুর) সংবাদদাতা
উপজেলার সাড়ে এগার রশি লপ্তিকান্দি গ্রামে শ্বশুরের দেওয়া জমিতে সাত বছর আগে বসবাস শুরু করেন দর্জি দেলোয়ার হোসেন। কয়েক বছর আগে দেলোয়ারের মৃত্যু হলে স্ত্রী সালেহা বেগম ঘরে বসে দর্জির কাজ শুরু করেন। আর্থিক অনটনের সংসারে মেয়ে সুমাইয়া কোনো রকমে লেখাপড়া চালিয়ে যান। ৫ম ও ৮ম শ্রেণিতে জিপিএ-৫সহ ট্যালেন্টপুলে বৃত্তি পায় সুমাইয়া। চলতি বছর এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ গোল্ডেন অর্জন করে সে। সুমাইয়াকে নিয়ে গত ৯ জুন অনলাইনসহ বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রচার হয়। বুধবার জাতীয় সংসদের চিফ হুইপ ও মাদারীপুর-১ (শিবচর) আসনের সংসদ সদস্য নূর-ই-আলম চৌধুরী লিটনের পক্ষ থেকে বাড়িতে মিষ্টি পৌঁছে দেওয়া হয়। এসময় তার পক্ষে সুমাইয়াদের বাড়িতে যান উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা। পরে মুঠোফোনে সুমাইয়াসহ পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে খোঁজখবর নেন চিফ হুইপ। তিনি তাত্ক্ষণিক নেতাদেরকে নির্দেশনা দেন সুমাইয়াদের বাড়ি সংস্কারের। এছাড়াও সুপেয় পানির ব্যবস্থাসহ জেলা পরিষদ থেকে সেলাই মেশিন, বৃত্তি ও ইউপি চেয়ারম্যানের পক্ষ থেকে স্মার্টফোনের ব্যবস্থা করে দেন। এদিকে গত শুক্রবার মাদবরেরচর ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আ. হালিম রাঢ়ী সুমাইয়া ফারহানার বাড়িতে গিয়ে নগদ ৫ হাজার টাকাসহ বিভিন্ন জিনিসপত্র তার পরিবারের হাতে তুলে দেন।