ফুল

গন্ধরাজ

সুগন্ধে সেরা—তাই তো গন্ধরাজ। এ ফুলের সুমিষ্ট ঘ্রাণ কাছে টানে। আমাদের দেশের অতি পরিচিত ফুল। আদি নিবাস চীন। পরিবার Rubiaceae, উদ্ভিদতাত্ত্বিক নাম Gardenia jasminoides।

গন্ধরাজ মাঝারি আকৃতির উচ্চতাসম্পন্ন চির সবুজ ও গুল্ম জাতীয় ফুলগাছ। গাছের উচ্চতা ছাঁটাই প্রক্রিয়ায় ছোটো-বড়ো করে রাখা যায়। পাতা বেশ পুরু, গাঢ় সবুজ, মধ্যশিরা স্পষ্ট, আকারে বর্শাকৃতির। ডাল কাটিং পদ্ধতির মাধ্যমে এর বংশ বিস্তার করা হয়ে থাকে। সরাসরি মাটি ও টবে রোপণ উপযোগী ফুলগাছ। বসন্তের শেষ দিকে এর ফুল ফোটা শুরু হয় এবং ব্যাপ্তি পুরু গ্রীষ্মকাল। গাছের প্রায় প্রতি শাখা-প্রশাখার অগ্রভাগে ফুল ধরে। অনেকটাই গোলাপের মতো। রং দুধ সাদা। নমনীয় কোমল অসংখ্য পাপড়ির সমন্বয়ে সৃষ্ট। ফুলের মাঝের অংশে হলুদ রঙের পরাগ অবস্থিত। ফুল ফোটে রাতের বেলা; আর তাই রাতের বেলা ও ভোরবেলা বাগানের চারপাশ সুগন্ধে মাতোয়ারা করে রাখে।

ফুল ফোটার সময়টাতে বিভিন্ন পতঙ্গের আনাগোনা লক্ষ করা যায়। ফুলময় গাছের সৌন্দর্য বেশ মনোমুগ্ধকর। বাসা-বাড়ির সীমানাতে জীবন্ত বেড়া ও বাহারি উদ্ভিদ হিসেবে সৌন্দর্য বৃদ্ধির জন্যে অনেকে গন্ধরাজ ফুলগাছ রোপণ করে থাকেন। এর কাণ্ড ও শাখা-প্রশাখা বেশ শক্ত। এবং কষ্ট সহনশীল ফুলগাছ।

এই ফুলের নির্যাস থেকে সুগন্ধী তৈরি করা হয়।