বাংলাদেশ কোভিড ১৯ আক্রান্ত! সামাজিক দূরত্বই এ ভাইরাসে আক্রান্তের হার কমিয়ে দিতে পারে। কিন্তু আমরা দেখছি সামজিক দূরত্বের চেয়ে সামাজিক অবহেলাই বেশি করা হচ্ছে। এ নিয়ে এক ধরনের ভীতির সৃষ্টি হয়েছে, যা কোভিড রোগীদের অবহেলা করে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে প্রতিনিয়ত! আমরা কত সহজে ভুলে যাই সুস্থ থাকা অবস্থায় তারাই ছিল আমাদের প্রিয় মা, বাবা, ভাই বা আত্মীয়স্বজন। অবহেলা এমন পর্যায়ে পৌঁছে গেছে যে, দেশের বিভিন্ন স্থানে অতি নিকটজনের থেকে অবহেলিত হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ার বহু খবর ইতিমধ্যে পাওয়া গেছে! তাছাড়া অনেক স্থানে কোভিড নমুনা নিয়ে মারা যাওয়া ব্যক্তিদের দু-তিন দিন বিনা জানাজায়, সত্কারে ফেলে রাখা হচ্ছে, যা চরম অমানবিক। এসব কিছু শুনেই কোভিড আক্রান্ত ব্যক্তির মানসিক অবস্থা ভেঙে পড়ে, কমে আসে তার রোগ প্রতিরোধ ক্ষমতা। লকডাউন করা পরিবারের বাজার সামগ্রী পৌঁছে দেওয়ার কাজ বেশ কয়েক জেলায় পুলিশের উদ্যোগে হলেও অনেকটা উপেক্ষিত সারাদেশে। তাই আমাদের উচিত সামাজিক দূরত্ব বজায় রাখি, কিন্তু সামাজিক অবহেলা না করি।
আবু জাফর, শিক্ষার্থী, বাংলা বিভাগ, কুমিল্লা বিশ্ববিদ্যালয়