ডিএনসিসির অভিযানে ৫ লাখ টাকা জরিমানা

১৩৮ স্থাপনায় এডিসের লার্ভা

ইত্তেফাক রিপোর্ট

এডিস মশা নিয়ন্ত্রণের মাধ্যমে নগরবাসীকে ডেঙ্গু থেকে সুরক্ষা দিতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) বিশেষ পরিচ্ছন্নতা অভিযানের (চিরুনি অভিযান) অষ্টম দিনে ১৩ হাজার ৪৮৯টি বাড়ি, স্থাপনা, নির্মাণাধীন ভবন পরিদর্শন করে ১৩৮টিতে এডিস মশার লার্ভা পাওয়া গেছে। এছাড়া ৮ হাজার ৫৬৬টি বাড়ি, স্থাপনায় এডিস মশা বংশবিস্তার উপযোগী পরিবেশ পাওয়া যায়। এডিস মশার লার্ভা পাওয়ায় মোবাইল কোর্টের মাধ্যমে ২৬টি মামলায় ৫ লাখ ৯ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।

এছাড়া এডিসের লার্ভা পাওয়া অন্যান্য বাড়ি ও স্থাপনার মালিককে সতর্ক করা হয়। গতকাল শনিবার ৫৪ ওয়ার্ডে একযোগে এ অভিযান পরিচালনা করা হয়। গত ৬ জুন থেকে গতকাল পর্যন্ত এই ৮ দিনে ৫৪টি ওয়ার্ডে মোট ১ লাখ ৭ হাজার ৬২৮টি বাড়ি, স্থাপনা, নির্মাণাধীন ভবন পরিদর্শন করে ১ হাজার ২৬৯টিতে এডিস মশার লার্ভা এবং ৭৪ হাজার ৩০৯টি বাড়ি, স্থাপনায় এডিস মশা বংশবিস্তার উপযোগী পরিবেশ পাওয়া যায়। এ আট দিনে মোট ১৫ লাখ ৫৭ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। অভিযান চলাকালে ওয়ার্ড কাউন্সিলর, ডিএনসিসির বর্জ্য ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। এডিস মশা নিয়ন্ত্রণের মাধ্যমে নগরবাসীকে ডেঙ্গু থেকে সুরক্ষা দিতে ডিএনসিসির চিরুনি অভিযান আগামীকালও অব্যাহত থাকবে।