কালোটাকা সাদা করার সুযোগে আবাসন খাতে অবহেলা কমবে —এম এ আউয়াল

ইত্তেফাক রিপোর্ট

ইসলামী গণতান্ত্রিক পার্টির চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য এম এ আউয়াল বলেছেন, ২০২০-২১ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে শর্তসাপেক্ষে কালোটাকা বা অপ্রদর্শিত অর্থে কেনা ফ্ল্যাট ও জমি বৈধ করার সুযোগ দেওয়া হয়েছে। অর্থমন্ত্রীর এই প্রস্তাবের মধ্য দিয়ে দীর্ঘদিন ধরে আবাসন সেক্টর যেভাবে অবহেলিত ছিল, তা অনেকটা কমবে। এতে করে এই খাতকে উত্সাহিত করা হবে এবং বন্ধ হবে বিদেশে অর্থ পাচার। বাজেট সম্পর্কে প্রতিক্রিয়ায় তিনি একথা বলেন।

এম এ আউয়াল বলেন, প্রস্তাবিত বাজেট বাস্তবায়নই বড়ো চ্যালেঞ্জ হবে বলে মনে করি। করোনা ভাইরাস মোকাবিলায় যে থোক বরাদ্দ দেওয়া হয়েছে তাতে করে সংকট কাটবে না। এই বরাদ্দ ঠিকমতো বাস্তবায়নের যে দিকনির্দেশনা, তাও স্পষ্ট করা প্রয়োজন। তিনি বলেন, বাজেটে স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়বে ৫ হাজার ৫৫৪ কোটি টাকা। এটি মোট বাজেটের ৫ দশমিক ১ শতাংশ। এই বরাদ্দ কাজে লাগানো না গেলে বরাদ্দ কেবল বাড়িয়ে কাজ হবে না। এক্ষেত্রে সঠিক কাঠামোগত নির্দেশনা দরকার হবে। তার মতে, বাজেটে করোনা ভাইরাস মহামারি ও এর পরবর্তী অর্থনৈতিক কাঠামো নির্মাণের সঠিক নির্দেশনার অভাব রয়েছে। কালোটাকাকে শেয়ারবাজারেও বিনিয়োগ করার সুবিধা দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, সামাজিক সুরক্ষা খাতে বরাদ্দ বাড়ানোর প্রস্তাব প্রশংসনীয়।