মুন্সীগঞ্জে ২০০ কোটি টাকার অবৈধ কারেন্ট জাল উদ্ধার

মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জ সদর উপজেলার দুর্গাবাড়ি ও রামেরগাঁও এলাকায় অভিযান চালিয়ে ছয়টি গুদাম থেকে ৭ কোটি ১৬ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা জালের মূল্য প্রায় ২১৪ কোটি ৮০ লাখ টাকা। গতকাল শনিবার এ অভিযানে নেতৃত্ব দেন নৌ-পুলিশের ডিআইজি মো. আতিকুল ইসলাম। অভিযানে আরো অংশ নেন পুলিশ সুপার বি এম হারুন অর রশিদ, পুলিশ সুপার মো. শফিকুল ইসলাম, পুলিশ সুপার ঢাকা অঞ্চল মো. ফরিদুল ইসলাম, পুলিশ সুপার হুমায়ূন কবির, জেলা মত্স্য কর্মকর্তা সুনীল মন্ডল, উপজেলা মত্স্য কর্মকর্তা জহিরুল ইসলাম আকন্দ ও মুক্তারপুর নৌ-পুলিশ স্টেশনের ইনচার্জ মো. কবির হোসেন খান।

মুক্তারপুর নৌ-পুলিশ স্টেশনের ইনচার্জ মো. কবির হোসেন খান জানান, নৌ-পুলিশের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, পঞ্চসার ইউনিয়নের বিভিন্নস্থানে রাতের আঁধারে অবৈধ কারেন্ট জাল তৈরি করা হয়ে থাকে। এরই সূত্র ধরে এই অভিযান চালায় নৌ-পুলিশ। পরে দুপুরে স্থানীয় মিরকাদিম নৌ-পুলিশ লাইন মাঠে এই জালগুলো আগুন দিয়ে পুড়িয়ে বিনষ্ট করা হয়। এই অভিযান চলাকালে জাল মালিকদের লোকজন পুলিশের ওপর হামলা চালায়। তবে জালের মালিকদের গ্রেফতার করা সম্ভব হয়নি।