নিষেধাজ্ঞা উপেক্ষা করে লন্ডনে বিশাল সমাবেশ

করোনা পরিস্থিতির করাণে জমায়েত হবার নিষেধাজ্ঞা ছিল কর্তৃপক্ষের। কিন্তু সেই নিষেধাজ্ঞা ভেঙ্গে যুক্তরাষ্ট্রে পুলিশের হাতে কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েডের হত্যাকান্ডের প্রতিবাদে গতকাল যুক্তরাজ্যের লন্ডনে বিশাল বিক্ষোভ সমাবেশ হয়েছে। এতে করোনার ভয় উপেক্ষা করে হাজার হাজার মানুষ অংশগ্রহণ করে। এদিন বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষের ঘটনাও ঘটে।

বর্ণবাদবিরোধীরা গতকাল ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ কর্মসূচির ডাক দিলে কর্তৃপক্ষ সমাবেশে নিষেধাজ্ঞা দেয়। কিন্তু সেটি না মেনে সকাল থেকেই কেন্দ্রীয় লন্ডনে দলে দলে লোক জড়ো হতে থাকে। এক পর্যায়ে পুলিশ তাদের হটিয়ে দেয়ার চেষ্টা করলে তাদের সঙ্গে সংঘর্ষ শুরু হয়ে যায়। বিক্ষোভকারীরা পানির বোতলসহ অন্যান্য জিনিসপত্র ছুড়তে থাকে পুলিশের দিকে।

জানা গেছে এর বাইরে অন্যান্য এলাকাতেও বিক্ষোভ হয়েছে এদিন। যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যে কৃষ্ণাঙ্গ যুবক হত্যার প্রতিবাদে লন্ডনে বর্ণবাদবিরোধী বিক্ষোভে১৪ পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। আজ রবিবারও বিক্ষোভের পরিকল্পনা করেছে   বিক্ষোভকারীরা। স্থানীয় পুলিশ কমিশনার বিক্ষোভকারীদেরকে রাস্তায় না নেমে প্রতিবাদ জানানোর অন্য উপায় অবলম্বনের আহ্বান জানিয়েছেন। রাস্তায় নেমে বিক্ষোভ সমাবেশে করোনা ভাইরাস ছড়ানোর ঝুঁকি আছে বলে সতর্ক করেছেন তিনি।

গত ২৫ মে মিনেসোটার মিনিয়াপোলিস শহরে জর্জ ফ্লয়েড হত্যাকে কেন্দ্র করে ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ প্রতিবাদ শুরু হয়। যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে চলমান বর্ণবাদবিরোধী আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করে বিশ্বজুড়ে প্রতিবাদ-বিক্ষোভ এখনো চলছে। বিবিসি