যুক্তরাজ্যে করোনা আক্রান্তদের সামান্যই ছিল চীনফেরত

যুক্তরাজ্যে করোনার ভাইরাস ছড়িয়ে পড়ার পেছনে নির্দিষ্ট কোনো রোগীকে দায়ী না করে বরং বলা হচ্ছে, সেখানে বহু মানুষের ভূমিকা ছিল। গবেষকরা বলেছেন, ফ্রান্স, ইতালি এবং স্পেন থেকে আসা মানুষের মাধ্যমে যুক্তরাজ্যে ছড়িয়ে পড়েছিল করোনা ভাইরাস। এছাড়া সেখানে যত ধরনের করোনা ভাইরাস মিলেছে তার এক শতাংশের সঙ্গেও চীনে সন্ধান পাওয়া করোনা ভাইরাসের ধরনের মিল পাওয়া যায়নি। অর্থাত্ যুক্তরাজ্যে করোনা আক্রান্তদের সামান্যই ছিল চীনফেরত নাগরিক। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় এবং এডিনবার্গ বিশ্ববিদ্যালয়ের গবেষকদের করা এক গবেষণায় এ কথা বলা হয়েছে।

গবেষকরা বলছেন, দেশটিতে এখন পর্যন্ত করোনা ভাইরাস সার্স-কোভ-২-এর অন্তত ১ হাজার ৩৫৬টি ধরন চিহ্নিত করা হয়েছে। যুক্তরাজ্যে এত ধরনের করোনা ভাইরাস নিয়ে যাওয়ার পেছনে অনেক মানুষের ভূমিকা ছিল। সেখানে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মতো ‘সুপারস্প্রেডার’ থিওরি কাজ করেনি। অর্থাত্ মাত্র গুটিকয়েক মানুষের মাধ্যমে এটি ছড়িয়ে পড়েনি। প্রথম পর্যায়ে সাড়ে ১৬ হাজার করোনা পজিটিভ রোগীকে   পরীক্ষা করে সেখানে ১ হাজার ৩৫৬ ধরনের করোনা ভাইরাসের সন্ধান পাওয়া যায়। অর্থাত্ সেখানে এত ধরনের করোনা ভাইরাস বহন করে নিয়ে যাওয়ার পেছনে কয়েক হাজার মানুষের ভূমিকা ছিল। ঐ গবেষণা দলটি এ সিদ্ধান্তে উপনীত হয়েছে যে, এই যত ধরনের করোনা ভাইরাস সেখানে পাওয়া গেছে তার প্রত্যেকটি ধরন গড়ে ১০ জন মানুষের মাধ্যমে সেখানে পৌঁছেছে।

গবেষণা প্রতিবেদনে আরো সুনির্দিষ্ট করে বলা হয়েছে, যুক্তরাজ্যে মোট যত ধরনের করোনা ভাইরাসের সন্ধান পাওয়া গেছে তার ৭৭ শতাংশই এসেছে ইতালি, স্পেন এবং ফ্রান্স থেকে ফেরা নাগরিকদের মাধ্যমে। এই সাড়ে ১৩০০ ধরনের করোনা ভাইরাসের ৩৪ শতাংশই ছড়িয়েছে স্পেন থেকে আসা ব্যক্তিদের মাধ্যমে। ২৯ শতাংশের সঙ্গে মিল রয়েছে ফ্রান্সের পাওয়া যাওয়া করোনা ভাইরাসের সঙ্গে। আর ১৪ শতাংশের সঙ্গে মিল রয়েছে ইতালিতে পাওয়া যাওয়া করোনা ভাইরাসের ধরনের সঙ্গে। মাত্র ০.০৮ শতাংশের সঙ্গে সরাসরি করোনা ভাইরাসে সূতিকাগার হিসেবে পরিচিত চীনের যোগসূত্র রয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, ফেব্রুয়ারিতে যে বিপুলসংখ্যক মানুষ ইতালিতে আল্পস ভ্রমণে গিয়েছিলেন তারা ভাইরাস বহন করে দেশে ফিরেছিলেন। একইভাবে স্প্যানিশ ফুটবল ভক্তরা লিভারপুল এবং অ্যাথলেটিকো মাদ্রিদের মধ্যকার খেলা উপভোগ করার মাধ্যমেও করোনা ভাইরাসের সংক্রমণ ছড়াতে ভূমিকা রেখেছিলেন। —ডেইলি মেইল