আজ পূর্ণ হচ্ছে মাগুরছড়া গ্যাস কূপ বিস্ফোরণের ২৩ বছর পূর্তি। ১৯৯৭ সনের ১৪ জুন রাতে উপজেলার মাগুরছড়া গ্যাস কূপে মার্কিন অক্সিডেন্টাল কোম্পানির ড্রিলিং চলাকালে ভয়াবহ বিস্ফোরণে বন, পরিবেশ, রেল ও সড়কপথ, পানজুম, বিদ্যুত্ লাইনসহ ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও বন ও পরিবেশের ক্ষতি কাটিয়ে ওঠা যায়নি। অক্সিডেন্টাল ক্ষয়ক্ষতির আংশিক পরিশোধ করলেও বন বিভাগ কোনো ক্ষতিপূরণ পায়নি।
জানা যায়, লাউয়াছড়া ফরেস্ট বিটের অভ্যন্তরে মাগুরছড়া এলাকায় কূপ খননে দায়িত্ব পায় যুক্তরাষ্ট্রের তেল-গ্যাস উত্তোলনকারী অক্সিডেন্টাল কোম্পানি। দায়িত্ব গ্রহণের পর অক্সিডেন্টাল ড্রিলিং কাজের জন্য সাবলিজ প্রদান করে ডিউটেক জার্মান কোম্পানিকে। বন বিভাগের হিসাবমতে বিস্ফোরণে প্রত্যক্ষ ক্ষতি ৩২ দশমিক ৫৩ কোটি এবং অন্যান্য ক্ষতি মিলিয়ে মোট ১৭৬ দশমিক ৯৭ কোটি টাকা। পরিবেশ মন্ত্রণালয় পুরো হিসাব মিলিয়ে ক্ষয়ক্ষতির পরিমাণ ৬০৯ কোটি টাকা নিরূপণ করে অক্সিডেন্টালের কাছে দাবি জানায়। তবে বন বিভাগ সূত্র মতে দুর্ঘটনায় শুধু পরিবেশের ক্ষতি হয়েছে ৬০০ কোটি টাকা। তবে বিস্ফোরণের ২৩ বছরে তিন কোম্পানির হাত বদল ঘটলেও ক্ষতিপূরণ আদায়ে কোনো পদক্ষেপ আজও গৃহীত হয়নি।
বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সিলেট বিভাগীয় বন কর্মকর্তা আব্দুল ওয়াদুদ জানান, মাগুরছড়া গ্যাসকূপ বিস্ফোরণে কোনো ক্ষতিপূরণ আদায় হয়নি। মৌলভীবাজারের জেলা প্রশাসক নাজিয়া শিরিন জানান, মাগুরছড়ার ক্ষয়ক্ষতি বিষয়ে কারো আবেদন এখানে নেই।